ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
সাঈদ পান্থ, বরিশাল প্রতিনিধি: বরিশালের উজিরপুর উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পারিবারিক বিরোধের জেরে ভাতিজার ধাক্কায় সেকেন্দার হোসেন হাওলাদার (৬০) নামে এক চাচার মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে উপজেলার চাউলাহার গ্রামে এই ঘটনা ঘটে। নিহত সেকেন্দার হোসেন ওই গ্রামের আব্দুল মোতাহার হাওলাদারের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মিষ্টি কুমড়োর গাছ ছাগলে খাওয়া নিয়ে দুই ভাই সেকেন্দার হোসেন ও মোশারেফ হোসেনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। তর্কের একপর্যায়ে মোশারেফ হোসেনের ছেলে আকতার হোসেন ঘটনাস্থলে এসে তার চাচা সেকেন্দার হোসেনকে সজোরে ধাক্কা দেন। এতে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি গাছের সঙ্গে সজোরে আঘাত পান এবং মাটিতে লুটিয়ে পড়ে গুরুতর আহত হন। পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহা. রকিবুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করেছে। নিহতের ময়নাতদন্তের প্রস্তুতি চলছে এবং এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে। এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে এলাকায় গভীর শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ