শিক্ষকদের পাঠদান মূল্যায়নে শিক্ষামন্ত্রীর জরুরি বার্তা
সকালবেলা ডেস্ক: শিক্ষার্থীদের শেখার অগ্রগতি নিয়মিত পর্যালোচনা করা এবং প্রয়োজন অনুযায়ী পাঠদান পদ্ধতিতে পরিবর্তন আনার জন্য দেশের শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
বুধবার (২১ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিশেষ পোস্টে তিনি দেশের শিক্ষক সমাজের প্রতি এই নির্দেশনা ও আহ্বান ব্যক্ত করেন।
সামাজিক যোগযোগমাধ্যমের ওই পোস্টে শিক্ষামন্ত্রী লেখেন, ‘শিক্ষকতা পেশার শুরুতেই নিজের কাজের মান ও পদ্ধতি নিয়ে প্রশ্ন করার মানসিকতা গড়ে তুলুন। শ্রেণিকক্ষে একটি অধ্যায় পড়ানো শেষ হলে নিজেকে প্রশ্ন করুন—কতজন শিক্ষার্থী বিষয়টি অনুধাবন করতে পারল? আর যারা বুঝতে পারল না, তাদের জন্য পাঠদান পদ্ধতিতে কী ধরনের পরিবর্তন আনা প্রয়োজন?’
তিনি আরও উল্লেখ করেন, ‘একই গতানুগতিক ধারায় বারবার পাঠদান করে নতুন বা ভিন্ন কোনো সুফল প্রত্যাশা করা ঠিক নয়। শিক্ষার্থীদের অংশগ্রহণ, তাদের প্রশ্ন ও শেখার ভুলগুলো থেকে প্রাপ্ত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে শিক্ষণ পদ্ধতিকে আরও আধুনিক ও কার্যকর করাই শিক্ষকতার মূল সার্থকতা।’
এআইএল/সকালবেলা