ওসমানী মেডিকেল থেকে লাফিয়ে রোগীর আত্মহত্যা

প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ০৫:০৩ অপরাহ্ণ
ওসমানী মেডিকেল থেকে লাফিয়ে রোগীর আত্মহত্যা

বিশেষ প্রতিনিধি: বিষপান করে হাসপাতালে ভর্তি হওয়া এক রোগী সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ভবন থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছেন।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল সোয়া আটটার দিকে হাসপাতালের ১০ তলা আউটডোর ভবনের পাঁচতলার সিঁড়ির ফাঁকা অংশ দিয়ে তিনি নিচে লাফ দেন। এতে ঘটনাস্থলেই তাঁর করুণ মৃত্যু হয়।

নিহত রোগীর নাম আলমগীর হোসেন (৪৫)। তিনি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার লতিয়ারপাড়া গ্রামের কুয়াজ আলীর ছেলে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. মাইনুল জাকির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, গত ১১ জুলাই বিষাক্ত হারপিক পান করে গুরুতর অসুস্থ হয়ে পড়েন আলমগীর। পরে স্বজনরা তাঁকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। তিনি সেখানে বহির্বিভাগ ভবনের পাঁচতলার ৩৩ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। বৃহস্পতিবার সকালে তিনি ৩৪ নম্বর ওয়ার্ডসংলগ্ন সিঁড়ির ফাঁকা অংশ থেকে হঠাৎ নিচে লাফ দেন।

পুলিশের ভাষ্যমতে, বিষপানে ব্যর্থ হওয়ার পর তিনি দ্বিতীয় দফায় ভবন থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। মরদেহ উদ্ধারের পর এ ঘটনায় প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন