চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪, আহত ৫

প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ০৪:৪২ অপরাহ্ণ
চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪, আহত ৫

সকালবেলা অনলাইন: কক্সবাজারের চকরিয়ায় দূরপাল্লার বাস ও যাত্রীবাহী লেগুনার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের খুটাখালী নয়াপাড়া বায়তুল মামুর জামে মসজিদ এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঈদগাঁও থেকে চকরিয়াগামী একটি নম্বরবিহীন যাত্রীবাহী লেগুনা খুটাখালী নয়াপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ‘লাল-সবুজ পরিবহন’-এর একটি এসি বাস সেটিকে সজোরে ধাক্কা দেয়। এতে লেগুনাটির ছাদ উড়ে গিয়ে গাড়িটি দুমড়ে-মুচড়ে মহাসড়কে ছিটকে পড়ে।

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধার কাজে এগিয়ে আসেন। তাঁরা আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল ও মালুমঘাট খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যান। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় চারজনের মৃত্যু হয়।

নিহতরা হলেন—চকরিয়ার খুটাখালী সেগুন বাগিচা এলাকার মৃত মতিউর রহমানের ছেলে মো. জসিম উদ্দিন (২৫), ঈদগাঁও উপজেলার পশ্চিম গজারীয়া এলাকার মৃত আবুল কাশেমের ছেলে মো. রফিক (২৮), চকরিয়ার ফুলছড়ি শিয়ালপাড়া এলাকার মৃত মঞ্জুর আলমের ছেলে মো. শাহেদ (২৭) এবং ঈদগাঁওয়ের খুটাখালী নতুন অফিস এলাকার আমিনুল হকের ছেলে মো. জিয়াবুল হক (২৫)।

এদের মধ্যে জসিম উদ্দিন মালুমঘাট খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতালে এবং অন্য তিনজন কক্সবাজার সদর হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

অন্যদিকে দুর্ঘটনায় গুরুতর আহত জিয়াবুল হক (৪০), মো. সরওয়ার (১৯), সৈয়দ আলম (৫০), মো. দেলোয়ার হোসেন (৩৫) ও সৈয়দ করিম (৩০) বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মালুমঘাট হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. শামসুজ্জামান জানান, দুর্ঘটনার পরপরই ক্ষতিগ্রস্ত যানবাহন দুটি সড়ক থেকে সরিয়ে নেওয়ায় যান চলাচল স্বাভাবিক রাখা সম্ভব হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন