ভালুকায় পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার

প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ০৪:০৩ অপরাহ্ণ
ভালুকায় পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার

মোঃ জাকির হোসাইন রাজু, ময়মনসিংহ (ভালুকা) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকা উপজেলার মল্লিকবাড়ী ইউনিয়নের ভায়াবহ এলাকায় একটি পুকুর থেকে রুবেল মিয়া নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে স্থানীয় বাসিন্দারা পুকুরের পানিতে লাশ ভেসে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

নিহত রুবেল মিয়া উপজেলার কাঠালী গ্রামের আবু হানিফের ছেলে। তিনি মায়ের সঙ্গে ভায়াবহ এলাকায় মামার বাড়িতে বসবাস করতেন। স্বজনদের সূত্রে জানা গেছে, রুবেল দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন।

পুলিশ জানায়, সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অসাবধানতাবশত পুকুরের পানিতে পড়ে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলাসহ আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন