গ্যাস সংকটে কুবির ক্যাফেটেরিয়া বন্ধ, ভোগান্তিতে শিক্ষার্থীরা

প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ০৫:৪১ অপরাহ্ণ
গ্যাস সংকটে কুবির ক্যাফেটেরিয়া বন্ধ, ভোগান্তিতে শিক্ষার্থীরা

বি এম ফয়সাল, কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্রতিনিধি: জাতীয় পর্যায়ে তীব্র জ্বালানি সংকটের প্রভাবে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় গত বুধ ও বৃহস্পতিবার (১২ ও ১৩ আগস্ট) টানা দুই দিন ধরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) পাঁচটি আবাসিক হল ও কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় রান্না পুরোপুরি বন্ধ রয়েছে। ফলে ক্যানটিন ও ডাইনিংয়ে খাবার না পেয়ে চরম বিপাকে পড়েছেন হাজারো শিক্ষার্থী।

শিক্ষার্থীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়টি মূল শহর থেকে দূরে অবস্থিত হওয়ায় ক্যাম্পাসের আশপাশে পর্যাপ্ত খাবারের দোকান নেই। হল ডাইনিংয়ে প্রতিদিন ৪০-৪৫ টাকায় খাবার পাওয়া গেলেও তা বন্ধ থাকায় বাইরে দ্বিগুণ মূল্যে (৮০-১০০ টাকা) খেতে হচ্ছে, যা সাধারণ শিক্ষার্থীদের জন্য ব্যয়বহুল। পাশাপাশি তীব্র লোডশেডিংয়ের কারণে মিডটার্ম ও সেমিস্টার পরীক্ষার প্রস্তুতি, অ্যাসাইনমেন্ট এবং ওয়াই-ফাই সেবা ব্যাহত হচ্ছে।

ক্যাফেটেরিয়া কমিটির আহ্বায়ক ও ডেপুটি চিফ মেডিকেল অফিসার ডা. মাহমুদুল হাসান খান জানান, গ্যাসের সংকটে ক্যাফেটেরিয়ার স্বাভাবিক কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। অধেক সিদ্ধ খাবার খেলে ডায়রিয়া, আমাশয় ও হেপাটাইটিস ‘এ’সহ পেটের পীড়া দেখা দিতে পারে।

নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হলের প্রভোস্ট ড. সুমাইয়া আফরিন সানি ও শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের প্রভোস্ট ড. মো. জনি আলম জানান, জাতীয় সংকটের কারণে বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষ আপাতত ৩-৪ দিন গ্যাস দিতে পারছে না বলে জানিয়েছে। বৃষ্টি না থাকলে সাময়িকভাবে লাকড়ি দিয়ে রান্নার চেষ্টা করা হচ্ছে। সমস্যা নিরসনে বিকল্প শেড তৈরি ও উপাচার্যের সঙ্গে কথা বলে বিকল্প ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

বাখরাবাদ গ্যাস অফিস (কুমিল্লা) সূত্রে জানা গেছে, ন্যাশনাল গ্রিডে এলএনজি সরবরাহ কমে যাওয়ায় এ ঘাটতি তৈরি হয়েছে। সংকট স্বাভাবিক হতে আরও ২-৩ দিন সময় লাগতে পারে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন