আওয়ামী লীগের প্রতি নমনীয়তার সুযোগ নেই: প্রতিমন্ত্রী পুতুল

প্রকাশ: শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬, ০৪:২৭ অপরাহ্ণ
আওয়ামী লীগের প্রতি নমনীয়তার সুযোগ নেই: প্রতিমন্ত্রী পুতুল

কাঞ্চন কুমার, কুষ্টিয়া প্রতিনিধি: বিগত সরকারের আমলে বিএনপি নেতাকর্মীদের ওপর নজিরবিহীন নির্যাতন ও নিপীড়নের কথা স্মরণ করিয়ে দিয়ে মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বলেছেন, আওয়ামী লীগের প্রতি কোনোভাবেই নমনীয় হওয়ার সুযোগ নেই। ত্যাগী নেতাকর্মীদের অবদানের কথা স্মরণে রাখার আহ্বান জানান তিনি।

শুক্রবার (৭ আগস্ট) দুপুরে কুষ্টিয়ার মিরপুরে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মিরপুর উপজেলা বিএনপির সভাপতি আশরাফুজ্জামান শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন, জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন, জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ এবং সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল আরও বলেন, গণতান্ত্রিক রাষ্ট্র কায়েমের লক্ষ্যে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পতিত সরকার ভারত থেকে সংবাদ সম্মেলন করে ষড়যন্ত্রের অপচেষ্টা চালালেও প্রশাসন শক্ত অবস্থানে রয়েছে এবং কোনো চক্রান্তেই কাজ হবে না বলে প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে তৃণমূল সংগঠনকে সুসংগঠিত করার অঙ্গীকার তুলে ধরে উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়নের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ গ্রহণ করেন।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন