কটিয়াদীতে ৫ পিস ইয়াবাসহ ব্যবসায়ী আটক
মিজানুর রহমান, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার বানিয়াগ্রাম বাজারে একটি দোকানে অভিযান চালিয়ে মো. গোলাপ মিয়া (৪০) নামে এক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ সময় তাঁর দোকান থেকে পাঁচ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি পিস্তলসদৃশ বস্তু উদ্ধার করা হয়।
গোলাপ মিয়া বানিয়াগ্রাম এলাকার মৃত ছায়েব আলীর ছেলে। পরে ভ্রাম্যমাণ আদালতের (মোবাইল কোর্ট) মাধ্যমে তাঁকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কটিয়াদী মডেল থানা পুলিশের একটি দল বানিয়াগ্রাম বাজারে গোলাপ মিয়ার ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে তাঁকে আটক করে।
কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, গোলাপ মিয়া মাদক কারবারের সঙ্গে জড়িত ছিলেন—এমন তথ্যের ভিত্তিতেই অভিযান চালানো হয়। অভিযানে তাঁর হেফাজত থেকে ৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ ছাড়া উদ্ধার হওয়া পিস্তলসদৃশ বস্তুটি সম্পর্কে তিনি জানান, এটি প্রাথমিকভাবে একটি খেলনা পিস্তল বলে ধারণা করা হচ্ছে; তবে পরীক্ষার পর এর সত্যতা নিশ্চিত করা হবে।
অভিযানের পর বিষয়টি উপজেলা প্রশাসনকে অবহিত করা হলে কটিয়াদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লাবনী আক্তার তারানা ঘটনাস্থলে উপস্থিত হন। পরে রাতে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গোলাপ মিয়াকে এক বছরের কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ডাদেশ দেওয়া হয়। অর্থদণ্ডের টাকা তাৎক্ষণিকভাবে পরিশোধ করা হয়েছে বলে জানা গেছে।
এদিকে স্থানীয় ব্যবসায়ীদের কেউ কেউ জানান, গোলাপ মিয়া দীর্ঘদিন ধরে বাজারে স্বাভাবিক ব্যবসা পরিচালনা করে আসছিলেন। পাঁচ পিস ইয়াবা উদ্ধার এবং শাস্তির প্রক্রিয়া নিয়ে স্থানীয় মহলে মিশ্র আলোচনা সৃষ্টি হলেও পুলিশ জানিয়েছে, আইনানুগ প্রক্রিয়া ও দালিলিক তথ্যের ভিত্তিতেই আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
|