বগুড়ার জোড়া খুনের আসামি ভালুকায় গ্রেপ্তার
মোঃ জাকির হোসাইন রাজু, ময়মনসিংহ (ভালুকা) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকা উপজেলার সিডস্টোর বাজার এলাকা থেকে বগুড়ার দুপচাঁচিয়া থানার আলোচিত ও ক্লুলেস জোড়া খুনের মামলায় জড়িত সন্দেহে মো. কাশেম সাখিদার (৪০) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গতকাল রবিবার (১৪ জুন) রাতে র্যাব-১৪ এর একটি বিশেষ চৌকস দল অভিযান চালিয়ে তাঁকে আটক করতে সক্ষম হয়। এই সফল অভিযানে নেতৃত্ব দেন র্যাব-১৪ এর সহকারী পরিচালক শামছুজ্জামান এবং সাব-ইন্সপেক্টর জাহাঙ্গীর আলম। ধৃত কাশেম দুপচাঁচিয়া থানার চামরুল গ্রামের মো. নূরুল ইসলামের ছেলে।
মামলার বিবরণী অনুযায়ী, গত বছরের (২০২৫ সালের) ৮ জুলাই গভীর রাতে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার লক্ষীমনণ্ডপ গ্রামে এক লোমহর্ষক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ওই রাতে একদল দুষ্কৃতকারী গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক আফতাব উদ্দিনের (৭০) ঘরের দরজায় কড়া নাড়ে। বৃদ্ধ শিক্ষক সরল বিশ্বাসে দরজা খোলামাত্রই অপরাধীরা তাঁর চোখে ও মাথায় লাঠি দিয়ে প্রচণ্ড আঘাত করে। তিনি জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়লে হাত-পা বেঁধে এবং মুখে কাপড় গুঁজে দিয়ে শ্বাসরোধ করে তাঁর মৃত্যু নিশ্চিত করা হয়।
ঠিক সেই মুহূর্তে পাশের ঘরে থাকা শিক্ষকের পুত্রবধূ ও কাতার প্রবাসীর স্ত্রী রিভা বেগম (৩৫) চিৎকার শুরু করলে ঘাতকেরা তাঁর ঘরে ঢুকে তাঁকেও একই কায়দায় নির্মমভাবে শ্বাসরোধ করে হত্যা করে। জোড়া খুন সম্পন্ন করার পর ঘাতক দলটি ওই বাড়িতে প্রায় তিন ঘণ্টা অবস্থান করে আলমারি ও বাক্স ভেঙে নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ আনুমানিক ৬ লাখ ২০ হাজার টাকার মালামাল লুট করে নির্বিঘ্নে পালিয়ে যায়।
নৃশংস এই জোড়া খুনের ঘটনার পর নিহতের কন্যা তহমিনা বিবি বাদী হয়ে দুপচাঁচিয়া থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি ডাকাতিসহ খুন মামলা দায়ের করেন। ঘটনার পর থেকেই থানা পুলিশের পাশাপাশি র্যাব বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ছায়া তদন্ত শুরু করে।
অবশেষে তথ্য-প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে র্যাব সদস্যরা সন্দেহভাজন হিসেবে কাশেম সাখিদারের অবস্থান শনাক্ত করেন। তিনি দীর্ঘ এক বছর ধরে তাঁর স্ত্রী ও দুই সন্তানসহ ভালুকা উপজেলার জামিরদিয়া এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে আত্মগোপনে ছিলেন। সেখানে তিনি রডমিস্ত্রির কাজের আড়ালে নিজের আসল পরিচয় লুকিয়ে রেখেছিলেন। তবে গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে কাশেম এই হত্যাকাণ্ডের সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা অস্বীকার করেছেন।
এ বিষয়ে ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে সকালবেলা-কে জানান, বগুড়ার দুপচাঁচিয়া থানার চাঞ্চল্যকর দ্বৈত হত্যাকাণ্ডের মামলার এক আসামিকে সিডস্টোর এলাকা থেকে র্যাব-১৪ এর একটি দল গ্রেপ্তার করেছে। যেহেতু মূল অভিযানটি র্যাব পরিচালনা করেছে, তাই আইনি প্রক্রিয়ায় আসামিকে সংশ্লিষ্ট থানায় (বগুড়া) হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
এআইএল/সকালবেলা
|