ভারতের পানি আগ্রাসনের বিষয়ে সজাগ থাকতে হবে: পানিসম্পদ মন্ত্রী

প্রকাশ: মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ণ
ভারতের পানি আগ্রাসনের বিষয়ে সজাগ থাকতে হবে: পানিসম্পদ মন্ত্রী

বিশেষ প্রতিনিধি: ভারতের পানি আগ্রাসন থেকে দেশের সীমান্ত রক্ষা করতে সকলকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।

মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে ফেনীর পরশুরামে ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প (১ম পর্যায়)’ এলাকা পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

পানিসম্পদ মন্ত্রী বলেন, ফেনীর সীমান্তবর্তী অঞ্চলে মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধ পুরোপুরি নির্মিত হলে স্থায়ীভাবে দুর্যোগ কাটিয়ে স্থানীয় মানুষের মুখে হাসি ফুটবে। দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “কোনো প্রকার দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না, শতভাগ স্বচ্ছতা ও দুর্নীতিমুক্তভাবে কাজ সম্পন্ন করাই আমাদের মূল চ্যালেঞ্জ।”

বিগত ২০২৪ সালের স্মরণকালের ভয়াবহ বন্যার কথা স্মরণ করে মন্ত্রী জানান, সেই বন্যায় বাঁধ ভেঙে ক্ষতিগ্রস্তদের দুর্দশা দূর করতেই প্রধানমন্ত্রী তারেক রহমান একনেক সভায় ১ হাজার ৫৪৩ কোটি টাকা বরাদ্দ অনুমোদন করেছেন। আগামী মাসে প্রধানমন্ত্রী স্বশরীরে উপস্থিত থেকে এই মেগা প্রকল্পের নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

পরিদর্শনকালে ফেনী-১ আসনের সংসদ সদস্য মুন্সী রফিকুল আলম মজনু, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রাহেনা আক্তার রানু, ফেনী জেলা প্রশাসক মনিরা হক, পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারসহ স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসন-পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন