ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মোহাম্মদ সোহেল রানা, ব্যুরো প্রধান: চট্টগ্রামের কোতোয়ালি থানা এলাকায় ২০২৪-এর ছাত্র-জনতার ওপর নৃশংস হামলার ঘটনায় দায়ের করা চাঞ্চল্যকর মামলার অন্যতম আসামি নেজাম উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালি থানা পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাকে আটক করে। তিনি মামলার এজাহারভুক্ত ১৮ নম্বর আসামি।
মামলার এজাহার অনুযায়ী, গত ৪ আগস্ট ২০২৪ তারিখে নগরীর আমতল সাহেব হোটেলের সামনের সড়কে শান্তিপূর্ণভাবে অবস্থানরত সাধারণ শিক্ষার্থীদের ওপর পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালানো হয়। হামলাকারীরা দা, ছুরি, লোহার রড ও লাঠিসোঁটা নিয়ে নির্বিচারে আক্রমণ করে এবং ইট-পাটকেল নিক্ষেপ করে জনমনে আতঙ্ক সৃষ্টি করে।
এই বর্বরোচিত হামলায় বেশ কয়েকজন ছাত্র-জনতা গুরুতর আহত হন। চিকিৎসকদের মতে, আহতদের অনেকের শরীরে ছররা গুলির আঘাত পাওয়া গেছে। ভুক্তভোগীদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে জরুরি অস্ত্রোপচার ও উন্নত চিকিৎসা প্রদান করতে হয়েছে।
এ ঘটনায় ৬০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১৩০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়। গ্রেফতারকৃত নেজাম উদ্দিন ঘটনার পর থেকেই আত্মগোপনে ছিলেন। বর্তমানে তাকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
কোতোয়ালি থানার দায়িত্বরত এক কর্মকর্তা জানান, ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় জড়িত প্রত্যেককে আইনের আওতায় নিয়ে আসা তাদের মূল লক্ষ্য। মামলার পলাতক অন্য আসামিদের গ্রেফতারে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। দ্রুততম সময়ের মধ্যে তদন্ত শেষ করে চার্জশিট দাখিল করা হবে বলেও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ