সোনারগাঁওয়ে মাদকবিরোধী অভিযানে আ. লীগ নেতাসহ গ্রেপ্তার ১৪

প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ণ
সোনারগাঁওয়ে মাদকবিরোধী অভিযানে আ. লীগ নেতাসহ গ্রেপ্তার ১৪

মো. মুক্তার হোসেন (সোনারগাঁও, নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও সন্ত্রাসী কর্মকাণ্ড দমনে পরিচালিত বিশেষ ‘ব্লক রেড’ অভিযানে নিষিদ্ধ আওয়ামী লীগের এক ওয়ার্ড নেতাসহ ১৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৩ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

শনিবার (১০ অক্টোবর) গভীর রাত থেকে উপজেলার বিভিন্ন এলাকায় সোনারগাঁও থানার একাধিক চৌকস টিম এ সাঁড়াশি অভিযান পরিচালনা করে। মাদক নির্মূলে 'জিরো টলারেন্স' নীতি অনুসরণ করে অপরাধীদের সম্ভাব্য আস্তানায় হানা দেওয়া হয়।

পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জের পুলিশ সুপারের নির্দেশনায় এবং সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক, পিপিএম-এর নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে বৈষম্যবিরোধী আন্দোলনের মামলার আসামি হিসেবে জামপুর ইউনিয়নের বাগবাড়িয়া গ্রামের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রতন মিয়াকে (৫৫) গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া মাদক সংক্রান্ত মামলায় মো. রিপন (৩২) নামের একজনকে গ্রেপ্তার করা হয়।

অভিযানে গ্রেপ্তার হওয়া মাদকসেবীরা হলেন—সবুজ (২৬), হীরা (৩৫), আব্দুল রাজ্জাক (৬০), আব্দুর রহিম (৪৫), মো. হুমায়ুন কবির (৩৫), মো. শামীম (৪০), জাহাঙ্গীর (২৭), মুরসালিন (৩০), মো. আবু সাঈদ (৩৮) ও মো. লিচু মিয়া (৩২)। পাশাপাশি পরোয়ানাভুক্ত আসামি মো. তাওলাদ হোসেন ও মাজহারুল ইসলামকে (২৫) গ্রেপ্তার করে পুলিশ।

সোনারগাঁও থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত সব আসামির বিরুদ্ধে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এআইএল/সকালবেলা