বাড়ির ছাদ থেকে পড়ে মাদ্রাসাছাত্রের মৃত্যু

বাড়ির ছাদ থেকে পড়ে মাদ্রাসাছাত্রের মৃত্যু

মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মীরসরাইয়ে আম পাড়তে গিয়ে ছাদের রেলিং থেকে পা পিছলে কলামের রডের ওপর পড়ে মাশরুর ওয়াসিফ রায়ান (৯) নামে এক মাদ্রাসাছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে উপজেলার মিঠানালা ইউনিয়নে এই হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে। রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত রায়ান মিঠানালা ইউনিয়নের হাজী বদরুল আলমের বাড়ির মুসলিম উদ্দিনের বড় ছেলে। সে স্থানীয় সুফিয়া নুরিয়া ফাজিল মাদ্রাসার তৃতীয় শ্রেণির ছাত্র ছিল।

পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে রায়ান তাদের ভবনের ছাদের রেলিংয়ে দাঁড়িয়ে পাশের গাছ থেকে আম পাড়ার চেষ্টা করছিল। এ সময় হঠাৎ পা পিছলে সে নিচে পড়ে যায়। নিচে থাকা ভবনের কলামের খোলা রড তার শরীরের ভেতর ঢুকে গেলে সে গুরুতর আহত হয়। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে দ্রুত স্থানীয় মিঠাছড়া জেনারেল হাসপাতালে নিয়ে যান।

মিঠাছড়া জেনারেল হাসপাতালের চিকিৎসক ডা. মাসুদুল করিম জানান, শিশুটির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে দ্রুত মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থানান্তর করা হয়। পরে সেখানে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. সাফায়েত তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসক জানান, রডটি শিশুটির শরীরের স্পর্শকাতর অংশ দিয়ে ভেতরে ঢুকে যাওয়ায় অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) সকালে জানাজা শেষে মিঠানালা গ্রামে পারিবারিক কবরস্থানে রায়ানের লাশ দাফন করা হয়েছে। তার এই অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন