কালীগঞ্জে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

কালীগঞ্জে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মানজুরুল ইসলাম, লালমনিরহাট: লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৩) এর অভিযানে ৯.২ কেজি গাঁজাসহ মোঃ মজিদুল ইসলাম (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। 

বুধবার (৮ এপ্রিল) ভোরে উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের চন্দ্রপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‍্যাব-১৩ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকাল ৬টা ১০ মিনিটের দিকে র‍্যাব-১৩ এর সদর কোম্পানির একটি আভিযানিক দল চন্দ্রপুর গ্রামের ৭নং ওয়ার্ডে অভিযান পরিচালনা করে। এ সময় আসামি মজিদুল ইসলামের বসতবাড়ির উত্তর দুয়ারী কক্ষ তল্লাশি করে ৯.২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত মজিদুল ইসলাম ওই এলাকার মোঃ মোসলেম উদ্দিনের ছেলে।

র‍্যাব সূত্রে জানা গেছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মজিদুল স্বীকার করেছে যে, সে দীর্ঘদিন ধরে অজ্ঞাত ব্যক্তিদের কাছ থেকে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করে লালমনিরহাটসহ দেশের বিভিন্ন স্থানে সুকৌশলে সরবরাহ ও বিক্রি করে আসছিল। তার বিরুদ্ধে মাদক সিন্ডিকেটের সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে।

র‍্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। তিনি আরও বলেন, ‘বাংলাদেশ আমার অহংকার’—এই মূলমন্ত্রকে ধারণ করে সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে র‍্যাবের জিরো টলারেন্স নীতি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন