জলবায়ু ন্যায়বিচারের দাবিতে জামালপুরে মানববন্ধন

প্রকাশ: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ণ
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে জামালপুরে মানববন্ধন

ডা. আজাদ খান, বিশেষ প্রতিনিধি: জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন ও কপ-৩১ উপলক্ষে জলবায়ু ন্যায়বিচার এবং ন্যায্য জ্বালানি রূপান্তরের দাবিতে জামালপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় বৈশ্বিক কর্মসূচি ‘গ্লোবাল উইক অব অ্যাকশন’-এর অংশ হিসেবে জামালপুর শহরের পিটিআই গেটের সামনে এ আয়োজন করা হয়। পরিবেশবিষয়ক সংগঠন ‘ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)’ জামালপুর শাখা ও ‘সমাজ উন্নয়ন ও প্রশিক্ষণ কেন্দ্র (এসপিকে)’ যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।

মানববন্ধনে বক্তারা জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ বন্ধ, জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য উন্নত বিশ্বের কাছ থেকে প্রয়োজনীয় অর্থায়ন নিশ্চিত এবং দ্রুত ও ন্যায্য জ্বালানি রূপান্তর বাস্তবায়নের দাবি জানান। জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্ত বাংলাদেশসহ অপরাপর দেশের জন্য আন্তর্জাতিক পর্যায়ে কার্যকর পদক্ষেপের তাগিদ দেন তাঁরা।

‘ধরা’ জামালপুর শাখার সাধারণ সম্পাদক ও এসপিকের প্রধান নির্বাহী মোহাম্মদ এনামুল হকের সঞ্চালনায় এবং সভাপতি মো. মাহবুবুর রহমান মহব্বতের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন অবসরপ্রাপ্ত শিক্ষক মো. আমির উদ্দিন। এ ছাড়া সংগঠনটির সাংগঠনিক সম্পাদক শাহ্ আলী বাচ্চু, পরিবেশ ও মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিম, অধ্যাপক মো. সাজ্জাদ হোসেনসহ স্থানীয় সামাজিক ও মানবাধিকার কর্মীরা উপস্থিত থেকে বক্তব্য রাখেন।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন