জুয়েল রানা, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের সলঙ্গায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে সলঙ্গা থানা এনসিপির উদ্যোগে হাটিকুমরুল গোলচত্বর সংলগ্ন নাটোর রোডের ফিদা হাইওয়ে রেস্টুরেন্টের হলরুমে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এনসিপির সদস্য জুয়েল রানা নাফি-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাটিকুমরুল ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাওলানা রাকিবুল ইসলাম সিরাজী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি সোলায়মান হোসেন এবং হাটিকুমরুল ইউনিয়ন সেক্রেটারি আলামীন তালুকদার।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আহবায়ক কমিটির সংগঠক ও তিতুমীর সেন্ট্রাল কলেজ ছাত্র শক্তির নেতা মো. এম শিহাব, এনসিপির জেলা আহবায়ক আজারুল ইসলাম, ছাত্রনেতা সান ইসলাম সান্ত, উল্লাপাড়া উপজেলা যুব শক্তির যুগ্ম আহবায়ক তহিদুল ইসলাম, সংগঠক সাদিক নাসিম এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সদস্য সচিব শেখ রনিসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
বক্তারা এনসিপির প্রথম বর্ষপূর্তিতে সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন এবং আগামী দিনে দেশ ও জাতির কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। ইফতারের আগে দেশ ও জাতির সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
এম.এম/সকালবেলা