পাবনার আটঘরিয়া উপজেলায় একটি খাল থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৭ মে ২০২৬) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার একদন্ত ইউনিয়নের জোড়গাছা এলাকার একটি খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা খালের পানিতে মরদেহটি ভাসতে দেখে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, অন্তত দুই থেকে তিন দিন আগে ওই ব্যক্তি কোনোভাবে খালে পড়ে গিয়েছিলেন এবং ডুবে মারা গেছেন।
আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, স্থানীয়দের কাছ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, মৃত ব্যক্তিকে গত কয়েকদিন ধরে ওই এলাকায় মানসিক ভারসাম্যহীন অবস্থায় ঘোরাফেরা করতে দেখা গিয়েছিল। তবে তার নাম বা পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।
পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং এ ঘটনায় একটি অপমৃত্যু মামলাসহ প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
জান্নাত/সকালবেলা