ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মোঃ হুমায়ুন কবীর, ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহ ও শেরপুর সীমান্তে চোরাচালান প্রতিরোধে রাতভর বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় ঔষধ, জিরা ও প্রসাধন সামগ্রী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পৃথক দুটি অভিযানে মোট ২৬ লাখ ৯১ হাজার ৪০০ টাকা মূল্যের অবৈধ পণ্য আটক করা হয়।
বিজিবি সূত্র জানায়, ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধীনস্থ হালুয়াঘাট উপজেলার রঙ্গনপাড়া সীমান্ত দিয়ে চোরাকারবারীরা অভিনব কৌশলে ভারতীয় ঔষধ পাচারের চেষ্টা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৪ মার্চ) ভোররাত আনুমানিক ৪টার দিকে বিজিবির একটি টহল দল সেখানে অভিযান চালায়। অভিযানে ২২ লাখ ৫৩ হাজার ৪০০ টাকা মূল্যের বিভিন্ন প্রকার ভারতীয় ঔষধ উদ্ধার করা হয়।
একই রাতে অভিযানের ধারাবাহিকতায় শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার চান্দাপাড়া সীমান্ত এলাকায় অভিযান চালায় বিজিবি। সেখান থেকে পাচারের সময় ৪ লাখ ৩৮ হাজার টাকা মূল্যের ভারতীয় জিরা ও ‘জনসন বেবি সোপ’ জব্দ করা হয়। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বুধবার বিকেল ৪টায় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেন ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ। তিনি জানান, আন্তর্জাতিক সীমান্ত সুরক্ষায় বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির এই কঠোর অবস্থান এবং অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ