শাহজাদপুরে নদী থেকে পানি আনতে গিয়ে গৃহবধূকে ধর্ষণ, গ্রেপ্তার ১

শাহজাদপুরে নদী থেকে পানি আনতে গিয়ে গৃহবধূকে ধর্ষণ, গ্রেপ্তার ১

মো. আব্দুল কুদ্দুস, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে করতোয়া নদী থেকে পানি আনতে গিয়ে এক গৃহবধূ (২৫) ধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত ধর্ষক এশার আলীকে (৪০) ঘটনার এক ঘণ্টার মধ্যেই গ্রেপ্তার করেছে শাহজাদপুর থানা পুলিশ। 

বুধবার (৪ মার্চ) ভোরে উপজেলার হাবিবুল্লাহ নগর ইউনিয়নের শ্রীফলতলা গ্রামে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার ভোর আনুমানিক সাড়ে ৬টার দিকে শ্রীফলতলা গ্রামের ওই গৃহবধূ বাড়ির পাশে করতোয়া নদীতে পানি আনতে যান। এসময় নদী এলাকা ফাঁকা পেয়ে একই গ্রামের লম্পট এশার আলী তাকে জাপটে ধরে জোরপূর্বক ধর্ষণ করে। অভিযোগ রয়েছে, ধর্ষণের সময় ওই লম্পট মোবাইলে ভিডিও ধারণ করে। পরবর্তীতে ভুক্তভোগী গৃহবধূ বাড়িতে ফিরে স্বজনদের বিষয়টি জানালে তারা স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশকে সংবাদ দেন।

হাবিবুল্লাহ নগর ইউনিয়নের সংশ্লিষ্ট ওয়ার্ড সদস্য শাহাদৎ হোসেন জানান, ঘটনাটি জানার পরপরই আমরা অভিযুক্ত যুবককে আটক করি এবং থানা পুলিশকে খবর দেই। পরে পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে নিয়ে যায়।

শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "ভোরে নদী থেকে পানি আনার সময় গৃহবধূকে ধর্ষণের ঘটনায় অভিযোগ পাওয়ার এক ঘণ্টার মধ্যেই আমরা অভিযুক্ত এশার আলীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। আসামির মোবাইল ফোনটি জব্দ করা হয়েছে এবং ভিডিও ধারণের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।"

এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে শাহজাদপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে এবং গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

এন.এ/সকালবেলা

মন্তব্য করুন