কবিরহাটে উন্নত জাতের ঘাস চাষ ও প্রাণীপুষ্টি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

কবিরহাটে উন্নত জাতের ঘাস চাষ ও প্রাণীপুষ্টি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

মোঃ ইয়াছিন রুবেল, নোয়াখালী প্রতিনিধি: প্রাণীপুষ্টির উন্নয়নে আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং ঘাস চাষ সম্প্রসারণের লক্ষ্যে নোয়াখালীর কবিরহাটে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। “প্রাণীপুষ্টির উন্নয়নে উন্নত জাতের ঘাস চাষ সম্প্রসারণ ও লাগসই প্রযুক্তি হস্তান্তর” প্রকল্পের আওতায় এই কর্মসূচির আয়োজন করা হয়।

মঙ্গলবার ও বুধবার (৩-৪ মার্চ) উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, কবিরহাটের প্রশিক্ষণ কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে উন্নত জাতের ঘাস চাষের আধুনিক কৌশল, কাঁচা ঘাস দীর্ঘমেয়াদে সংরক্ষণের পদ্ধতি (সাইলেজ ও হে প্রস্তুত প্রণালী) এবং গবাদিপশুর সুষম খাদ্য ব্যবস্থাপনা বিষয়ে খামারিদের বিস্তারিত পাঠদান করা হয়।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহজালাল মো. ইউনুছের পরিচালনায় অনুষ্ঠিত এই প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ট্রেনিং অফিসার ডা. সুমন ভৌমিক। তিনি তার বক্তব্যে বলেন, “খামারের ব্যয় কমিয়ে লাভবান হতে হলে উন্নত জাতের ঘাস চাষের কোনো বিকল্প নেই। সঠিক খাদ্য ব্যবস্থাপনার মাধ্যমে দুধ ও মাংসের উৎপাদন বৃদ্ধি করে স্থানীয় অর্থনীতিকে আরও সমৃদ্ধ করা সম্ভব।”

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী খামারিদের মাঝে খামার ব্যবস্থাপনার আধুনিক ও টেকসই পদ্ধতিগুলো মাঠপর্যায়ে প্রয়োগের জন্য উদ্বুদ্ধ করা হয়। কর্মশালায় উপজেলার বিভিন্ন প্রান্তের সফল খামারি ও উদ্যোক্তারা অংশগ্রহণ করেন।

মন্তব্য করুন