দোহারে পুলিশের বিশেষ অভিযান: আন্তঃজেলা চোরচক্রের ৩ সদস্য গ্রেপ্তার

দোহারে পুলিশের বিশেষ অভিযান: আন্তঃজেলা চোরচক্রের ৩ সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: ঢাকার দোহার থানা এলাকায় পুলিশের এক বিশেষ অভিযানে আন্তঃজেলা চোরচক্রের তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ঢাকা জেলার পুলিশ সুপার মো. মিজানুর রহমান-এর নির্দেশনায় এবং সিনিয়র সহকারী পুলিশ সুপার (দোহার সার্কেল) মো. রাকিবুল হাসান ইশানের সার্বিক তত্ত্বাবধানে এই সফল অভিযান পরিচালিত হয়। দোহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবু বকর সিদ্দিকের সরাসরি দিকনির্দেশনায় এসআই সোহেল মোল্লা ও পুলিশের একটি চৌকস দল ‘বিশেষ অভিযান-৭’ পরিচালনা করে এই পেশাদার চোরচক্রকে ধরতে সক্ষম হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— উপজেলার বউ বাজার খালপাড় এলাকার শেখ নাসিরের ছেলে সাগর আহাম্মেদ (২৭), নবাবগঞ্জের সৈয়দপুর এলাকার মো. নুরুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম নাহিদ (৩০) এবং দক্ষিণ জয়পাড়া মাঝিপাড়া এলাকার মো. সওকত আলীর ছেলে আসিফুর রহমান (২৬)।

দোহার থানা পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে দোহার ও পার্শ্ববর্তী নবাবগঞ্জ এলাকায় বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে চুরির সাথে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে দোহার থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এবং উপজেলাকে অপরাধমুক্ত রাখতে এ ধরনের বিশেষ অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন