বগুড়ায় ভ্যান ছিনতাইয়ের পর চালককে কুপিয়ে হত্যা

বগুড়ায় ভ্যান ছিনতাইয়ের পর চালককে কুপিয়ে হত্যা

ওয়াফিক শিপলু, বগুড়া: বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় অটোভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যে মোজাম উদ্দিন শাহ (৫৫) নামে এক চালককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার জিয়ানগর ইউনিয়নের বড়িয়া গ্রামের একটি ধানক্ষেত থেকে তাঁর রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত মোজাম উদ্দিন জিয়ানগর ইউনিয়নের ঝালঘড়িয়া গ্রামের মৃত মহির উদ্দিন শাহর ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, মোজাম উদ্দিন শাহ মঙ্গলবার বিকেলে প্রতিদিনের মতো অটোভ্যান নিয়ে জীবিকার তাগিদে বাড়ি থেকে বের হন। গভীর রাত পর্যন্ত তিনি বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করেন। বুধবার সকালে দুপচাঁচিয়া-আক্কেলপুর সড়কের বড়িয়া মৌজার খড়ার ব্রিজের পাশে একটি ধানক্ষেতের পানিতে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

দুপচাঁচিয়া থানা পুলিশের প্রাথমিক ধারণা, অটোভ্যানটি ছিনতাই করার উদ্দেশ্যেই দুর্বৃত্তরা তাঁকে নির্জন স্থানে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে। ঘটনার পর থেকে তাঁর ব্যবহৃত অটোভ্যানটির কোনো সন্ধান পাওয়া যায়নি। মরদেহটি ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন জানান, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে। এদিকে, একজন শ্রমজীবী মানুষকে এভাবে হত্যার ঘটনায় এলাকায় শোক ও তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত এই নৃশংস হত্যাকাণ্ডের বিচার দাবি করেছেন।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন