গাজীপুরে ছুটির দিনে ঈদের কেনাকাটায় উপচেপড়া ভিড়

গাজীপুরে ছুটির দিনে ঈদের কেনাকাটায় উপচেপড়া ভিড়

মহিউদ্দিন আহমেদ, বিশেষ প্রতিবেদক: আসন্ন ঈদুল ফিতর ঘনিয়ে আসার সাথে সাথে ছুটির দিনে গাজীপুরের শ্রীপুরের মাওনা চৌরাস্তায় বিভিন্ন শপিংমল ও বিপণি বিতানে ক্রেতাদের উপচেপড়া ভিড় দেখা যাচ্ছে। সাপ্তাহিক ছুটির সুযোগে কর্মব্যস্ত মানুষ পরিবার-পরিজন নিয়ে কেনাকাটায় বের হওয়ায় মার্কেটগুলোতে তিল ধারণের জায়গা নেই। তবে গত বছরের তুলনায় পণ্যের দাম ১৫ থেকে ২৫ শতাংশ বৃদ্ধি পাওয়ায় ক্রেতাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

শুক্রবার ও শনিবার ছুটির দিন হওয়ায় মাওনা চৌরাস্তার ইয়াকুব আলী মাস্টার টাওয়ার, মালেক মাস্টার মার্কেট এবং ভাই ভাই সিটি কমপ্লেক্সসহ বিভিন্ন বিপণি বিতানে সকাল থেকেই ক্রেতাদের আনাগোনা শুরু হয়। দুপুরের পর এসব এলাকায় মানুষের ঢল নামে। পোশাক, জুতা ও কসমেটিকসের দোকানগুলোতে সবচেয়ে বেশি ভিড় লক্ষ্য করা গেছে। বিশেষ করে শিশুদের পোশাকের দোকানে অভিভাবকদের ব্যস্ততা ছিল চোখে পড়ার মতো।

কেনাকাটা করতে আসা শামসুদ্দিন নামের এক ক্রেতা জানান:

"পরিবারের সবার জন্য কাপড় কিনতে এসেছি। কিন্তু বেশিরভাগ দোকানেই গত বছরের তুলনায় দাম অনেক বেশি চাওয়া হচ্ছে। দরদাম না করলে কেনা কঠিন হয়ে যাচ্ছে।"

অন্যান্য ক্রেতারা অভিযোগ করেন, উপচেপড়া ভিড়ের কারণে অনেক দোকানে স্বাচ্ছন্দ্যে পণ্য দেখা সম্ভব হচ্ছে না। এছাড়া ট্রায়াল রুমের সংকট ও দীর্ঘ লাইনের কারণে নারী ক্রেতাদের পোহাতে হচ্ছে বাড়তি ভোগান্তি।

ভিড়ের সুযোগে নারীদের সাথে অশালীন আচরণ বা ইভটিজিংয়ের আশঙ্কার কথা জানিয়েছেন অনেক নারী ক্রেতা। মার্কেটে পর্যাপ্ত নারী নিরাপত্তাকর্মী না থাকায় এবং গোপনীয়তা নিয়ে সংশয় থাকায় তারা ট্রায়াল রুম ব্যবহারে অস্বস্তি প্রকাশ করেছেন।

ভাই ভাই সিটি কমপ্লেক্সের বিক্রেতা জামাল জানান, গত কয়েকদিন বিক্রি কম থাকলেও ছুটির দিনে চাপ কয়েক গুণ বেড়ে গেছে। ব্যবসায়ীদের দাবি, পাইকারি বাজারে দাম বেশি থাকায় খুচরা বাজারেও এর প্রভাব পড়েছে। তবে তারা কোনো অযৌক্তিক দাম রাখছেন না বলে দাবি করেন। তারা আশা করছেন, ঈদের শেষ সপ্তাহে কেনাবেচা আরও জমে উঠবে।

ঈদের এই কেনাকাটাকে কেন্দ্র করে মাওনা চৌরাস্তা এলাকায় যানজট নিরসন ও নিরাপত্তার জন্য প্রশাসনের বিশেষ নজরদারি কামনা করেছেন সাধারণ মানুষ।

এন.এ/সকালবেলা

মন্তব্য করুন