ঈদকে সামনে রেখে টেকনাফে কাপড়ের দোকানে ‘গলাকাটা’ বাণিজ্যের অভিযোগ

Nur Alom
প্রকাশ: শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০১:১০ অপরাহ্ণ
ঈদকে সামনে রেখে টেকনাফে কাপড়ের দোকানে ‘গলাকাটা’ বাণিজ্যের অভিযোগ

জিয়াবুল হক, টেকনাফ: আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে কক্সবাজারের টেকনাফ পৌরসভা ও উপজেলার বিভিন্ন মার্কেটে কাপড়ের দোকানে ‘গলাকাটা’ বাণিজ্যের অভিযোগ উঠেছে। পোশাকের অস্বাভাবিক দাম বৃদ্ধিতে নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষ কেনাকাটা করতে গিয়ে চরম হিমশিম খাচ্ছেন।

টেকনাফ শহরের কয়েকটি মার্কেট ঘুরে দেখা গেছে, সাধারণ সময়ে যে পোশাক ৪০০ থেকে ৫০০ টাকায় বিক্রি হতো, বর্তমানে তা ১,২০০ থেকে ১,৫০০ টাকায় বিক্রি করা হচ্ছে। শাড়ি, পাঞ্জাবি এবং শিশুদের পোশাকের ক্ষেত্রেও একই চিত্র দেখা গেছে। বিক্রেতারা স্বাভাবিকের তুলনায় কয়েক গুণ বেশি দাম হাঁকাচ্ছেন বলে অভিযোগ ক্রেতাদের।

কেনাকাটা করতে আসা তৌহিদ উদ্দিন বলেন:

"রমজানের আগে যে কাপড় ৫০০ টাকায় পাওয়া যেত, এখন সেটার দাম চাইছে দেড় হাজার টাকা। এই অবস্থায় আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে ঈদের কেনাকাটা করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে।"

একাধিক ক্রেতা অভিযোগ করেছেন, অতিরিক্ত দামের প্রতিবাদ করলে বা দরদাম করতে গেলে অনেক দোকানদার ক্রেতাদের সাথে দুর্ব্যবহার করছেন। নিয়মিত বাজার তদারকি না থাকায় অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেট করে অতিরিক্ত মুনাফা লুটছে বলে তাদের ধারণা।

টেকনাফ পৌরসভার যুবদল সভাপতি আব্দুর শুক্কুর বলেন, "পৌরসভার মার্কেটগুলোতে প্রশাসনের নজরদারি বাড়ানো জরুরি। ভ্রাম্যমাণ আদালত ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান পরিচালনা করলে বাজারে ন্যায্যমূল্য নিশ্চিত করা সম্ভব হবে।"

সাধারণ ক্রেতাদের দাবি, দ্রুত বাজার নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নেওয়া হোক, যাতে গরিব ও অসহায় মানুষগুলো অন্তত ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয়।

এন.এ/সকালবেলা

মন্তব্য করুন