ইফতারের বিরিয়ানি খেয়ে ভালুকায় অসুস্থ অর্ধশত শ্রমিক

ইফতারের বিরিয়ানি খেয়ে ভালুকায় অসুস্থ অর্ধশত শ্রমিক

মোঃ হুমায়ুন কবীর, ময়মনসিংহ : ময়মনসিংহের ভালুকায় একটি জুতা তৈরির কারখানায় ইফতারের বিরিয়ানি খেয়ে প্রায় ৪০ থেকে ৫০ জন শ্রমিক হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) ইফতারের পর উপজেলার গ্লোবাল সুজ লিমিটেড কারখানায় এই ঘটনা ঘটে।

কারখানা সূত্রে জানা যায়, প্রায় ১ হাজার ২০০ শ্রমিকের জন্য প্রতিদিন কারখানা কর্তৃপক্ষের পক্ষ থেকে ইফতারের আয়োজন করা হয়। বৃহস্পতিবার ইফতারের জন্য স্থানীয় সিডস্টোর বাজারের খান হোটেল থেকে বিরিয়ানি সরবরাহ করা হয়েছিল। বিরিয়ানি খাওয়ার ৫ থেকে ১০ মিনিটের মধ্যেই শ্রমিকদের মাঝে বমি ও পেটব্যথাসহ অসুস্থতার লক্ষণ দেখা দেয়।

কারখানার সুইং সেকশনের শ্রমিক ফাহাদ মিয়া জানান, ইফতার শেষ করার পরপরই একে একে তাঁর সহকর্মীরা অসুস্থ হয়ে মেঝেতে লুটিয়ে পড়তে থাকেন। পরিস্থিতি বেগতিক দেখে কারখানা কর্তৃপক্ষ দ্রুত তাঁদের ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মেহেদী হাসান জানান:

"বিরিয়ানি খাওয়ার পর ফুড পয়জনিং বা অজ্ঞাত বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে অনেক শ্রমিক হাসপাতালে এসেছেন। আমরা তাঁদের প্রাথমিক চিকিৎসা দিয়েছি। তবে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।"

কারখানার সুইং সেকশনের ইনচার্জ আমিনুল ইসলাম জানান, ঠিক কী কারণে এমন ঘটনা ঘটলো তা খতিয়ে দেখা হচ্ছে। নিম্নমানের খাবার সরবরাহের কারণে এমনটি হয়েছে কি না, তা নিয়ে সিডস্টোর বাজারের ওই হোটেলের বিরিয়ানি পরীক্ষা করার দাবি জানিয়েছেন শ্রমিকরা। এ ঘটনায় সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বিরিয়ানির নমুনা সংগ্রহ করা হয়েছে এবং তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে।

এন.এ/সকালবেলা

মন্তব্য করুন