রাজধানীতে হঠাৎ শিলা বৃষ্টি, মিরপুরে খেলা বন্ধ

রাজধানীতে হঠাৎ শিলা বৃষ্টি,  মিরপুরে খেলা বন্ধ

ক্রীড়া প্রতিবেদক: সকাল থেকেই মিরপুরের আকাশ ছিল মেঘলা। অবশেষে বজ্রসহ বৃষ্টি ও শিলাবৃষ্টির কারণে বন্ধ হয়ে গেছে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি। জয়ের জন্য ২৭৫ রানের লক্ষ্যে খেলতে নামা বাংলাদেশের ইনিংসের মাত্র ৬.৩ ওভার পার হতেই খেলা বন্ধ করে দেন আম্পায়াররা।

বজ্রপাত শুরু হওয়ায় বৃষ্টি নামার আগেই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আম্পায়াররা ম্যাচ বন্ধ করার সিদ্ধান্ত নেন। দ্রুততম সময়ে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের পিচ কভার দিয়ে ঢেকে দেওয়া হয়। খেলা বন্ধ হওয়ার সময় বাংলাদেশের সংগ্রহ ছিল ৩ উইকেটে ২৭ রান। ক্রিজে আছেন লিটন দাস ও তাওহীদ হৃদয়।

রান তাড়া করতে নেমে শুরুতেই বড় বিপর্যয়ের মুখে পড়ে স্বাগতিকরা।

  • শাহিন শাহ আফ্রিদির প্রথম ওভারে ১ রান আসার পর তৃতীয় ওভারের শেষ বলে আউট হন আগের ম্যাচের নায়ক তানজিদ তামিম (১)।

  • পরের ওভারের প্রথম বলেই বিদায় নেন সাইফ হাসান (১২ বলে ১২)।

  • অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আজ রানের খাতা খোলার আগেই 'সিলভার ডাক' মেরে প্যাভিলিয়নে ফেরেন। দলীয় ১৫ রানেই ৩ উইকেট হারিয়ে ধুঁকছিল বাংলাদেশ।

এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে পাকিস্তানকে ২৭৪ রানে অলআউট করে বাংলাদেশ। এক সময় বড় সংগ্রহের পথে থাকলেও শেষ ৪৩ রানের মধ্যে ৭টি উইকেট হারিয়ে খেই হারিয়ে ফেলে পাকিস্তান।

  • বোলিং সাফল্য: মেহেদী হাসান মিরাজ ৩৪ রানে ২ উইকেট এবং রিশাদ হোসেন ৫৬ রানে ৩ উইকেট নিয়ে ইনিংসের মেরুদণ্ড ভেঙে দেন।

  • পাকিস্তানের পক্ষে: মাজ সাদাকাত ও সালমান আলী আগা হাফ সেঞ্চুরি করেন।

সিরিজের প্রথম ম্যাচে ১১৪ রানে পাকিস্তানকে অলআউট করে ৮ উইকেটে জিতেছিল বাংলাদেশ। আজ জিতলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করবে মিরাজ বাহিনী। তবে বৈরি আবহাওয়ার কারণে ম্যাচটি পরিত্যক্ত হওয়ার শঙ্কাও তৈরি হয়েছে।

এন.এ/সকালবেলা

মন্তব্য করুন