রাষ্ট্রপতি চুপ্পুকে অপসারণ ও গ্রেপ্তারের দাবি নাহিদ ইসলামের

রাষ্ট্রপতি চুপ্পুকে অপসারণ ও গ্রেপ্তারের দাবি নাহিদ ইসলামের

মোঃ হুমায়ুন কবীর, ময়মনসিংহ প্রতিনিধি: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পুকে শপথ ভঙ্গ ও দুর্নীতির অভিযোগে অভিশংসনের মাধ্যমে দ্রুত অপসারণ এবং গ্রেপ্তারের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম এমপি। 

শুক্রবার (১৩ মার্চ ) সন্ধ্যায় ময়মনসিংহ নগরীর সার্কিট হাউজ মাঠে এনসিপি আয়োজিত বিভাগীয় ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই দাবি জানান।

 নাহিদ ইসলাম তাঁর বক্তব্যে বলেন:

"ফ্যাসিস্টের দোসর চুপ্পু শপথ ভঙ্গ করেছেন, তাঁর বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ রয়েছে এবং তিনি জুলাই গণহত্যায় নির্বিকার ছিলেন। আমরা আহ্বান জানাবো, অবিলম্বে তাঁকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে এবং তাঁকে আইনের আওতায় আনতে হবে।"

নির্বাচনে 'ইঞ্জিনিয়ারিং' সত্ত্বেও সংস্কার কার্যক্রম ও সংবিধান সংশোধনের ম্যান্ডেট নিয়ে তাঁরা সংসদে গিয়েছেন উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, ফ্যাসিবাদমুক্ত সংসদ চাওয়া হলেও রাষ্ট্রপতির বক্তব্য দেওয়ার সুযোগ করে দিয়ে জুলাই আকাঙ্ক্ষার সাথে প্রতারণা করা হয়েছে। স্পিকারের কাছে প্রতিবাদ জানিয়ে সুযোগ না পাওয়ায় তাঁরা সংসদ থেকে ওয়াকআউট করেছেন বলে জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী ময়মনসিংহের স্থানীয় সমস্যাগুলো তুলে ধরেন। তিনি বলেন:

  • ব্রহ্মপুত্র নদের বালু উত্তোলন ও বাসস্ট্যান্ডে ব্যাপক চাঁদাবাজি হচ্ছে।

  • বিভাগীয় শহর হওয়া সত্ত্বেও ময়মনসিংহে তীব্র ট্রাফিক জ্যাম ও যত্রতত্র অব্যবস্থাপনা লক্ষ্য করা গেছে।

  • শহরটিকে পরিকল্পিতভাবে গড়ে তোলার জন্য তিনি স্থানীয় জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান জানান।

নাসিরুদ্দিন পাটোয়ারী তাঁর বক্তব্যে অসুস্থ বিএনপি নেতা মির্জা আব্বাসের দ্রুত আরোগ্য কামনা করেন। তিনি বলেন, "মির্জা আব্বাস সাহেব অত্যন্ত অসুস্থ। আমরা দোয়া করি আল্লাহ যেন তাঁকে দ্রুত সুস্থ করে দেন যাতে তিনি দেশের মানুষের খেদমতে এবং সংস্কার কার্যক্রমে ভূমিকা রাখতে পারেন।"

বিভাগীয় ইফতার মাহফিল বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মিয়াজ মেহরাব তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে এনসিপির যুগ্ম আহ্বায়ক ড. আতিক মোজাহিদ এমপি, নেত্রী তানহা শান্তা, ডাঃ জাহিদুল ইসলাম, জাহিদ আহসান, খান তালাত মাহমুদ রাফিসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এন.এ/সকালবেলা

মন্তব্য করুন