ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৪

প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ণ
ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৪

সাইফুল ইসলাম ফাহাদ, দেবিদ্বার-ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পৃথক অভিযানে সন্ত্রাসবিরোধী আইনের মামলার এক পলাতক আসামি, মাদকসহ দুজন এবং গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক আসামিসহ মোট চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে এক কেজি গাঁজা ও ছয় বোতল হুইস্কি উদ্ধার করে পুলিশ। 

শুক্রবার (২৭ নভেম্বর) দুপুরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলার তদন্তে প্রাপ্ত পলাতক আসামি মো. মনির হোসেন ভূঁইয়াকে (৪৫) গ্রেপ্তার করা হয়েছে। তিনি উপজেলার গোপালনগর গ্রামের বাসিন্দা ও সাবেক ইউপি সদস্য। মামলাটি গত ৭ নভেম্বর ব্রাহ্মণপাড়া থানায় দায়ের করা হয়েছিল।

এদিকে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে উপজেলার শশীদল ইউনিয়নের দক্ষিণ তেতাভূমি (অনন্তপুর) এলাকায় অভিযান চালিয়ে মো. রাসেল (২১) নামে এক যুবককে ছয় বোতল হুইস্কিসহ গ্রেপ্তার করা হয়। একই দিন বিকেলে শশীদল ইউনিয়নের মল্লিকারদিঘীরপাড় এলাকায় ঢাকা-চট্টগ্রাম রেলপথের পাশে আইফল রমিজ আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের সামনে অভিযান চালিয়ে মো. আরিফুল ইসলামকে (৩৪) গ্রেপ্তার করে পুলিশ; এ সময় তাঁর কাছ থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ দুটি ঘটনায় তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে।

অন্যদিকে শুক্রবার ব্রাহ্মণপাড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি মো. আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার ব্রাহ্মণপাড়া এলাকার বাসিন্দা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন জানান, পৃথক অভিযানে গ্রেপ্তার চার আসামিকে শুক্রবার দুপুরে কুমিল্লা আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এআইএল/সকালবেলা