পদ্মা সেতুর টোলপ্লাজা ভাঙচুর মামলা, ডিসি অফিসের কর্মচারী আটক
বিশেষ প্রতিনিধি: শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজায় সড়ক অবরোধ, যানবাহন ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় জেলা প্রশাসকের কার্যালয়ের এক সার্টিফিকেট সহকারীসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৩ নভেম্বর) পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সালাম এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বৃহস্পতিবার রাতে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সার্টিফিকেট সহকারী জাহাঙ্গীর খান। তিনি সদর উপজেলার স্বর্ণঘোষ এলাকার বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খানের ছেলে। এ ছাড়া জাজিরা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক তাজেল মাদবর, চন্দ্রপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মিজানুর রহমান মীর (৫৭) এবং চন্দ্রপুর ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য ও আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের চন্দ্রপুর ইউনিয়ন শাখার কার্যকরী সদস্য মো. রিপন সরদারকে (৫৫) গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৯ নভেম্বর দিবাগত রাত দেড়টার দিকে জাজিরা উপজেলার নাওডোবা এলাকায় পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজার সামনে একদল লোক আকস্মিক সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এ সময় তাঁদের অনেকের হাতে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র দেখা যায়। একপর্যায়ে বেশ কয়েকটি চলন্ত যানবাহনে হামলা ও ভাঙচুর চালানো হয় এবং কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
ঘটনার সময় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে টোলপ্লাজার সামনে বিপুলসংখ্যক মানুষের অবস্থান, সড়ক অবরোধ এবং গাড়িতে হামলার দৃশ্য দেখা যায়। এই সহিংসতার কারণে প্রায় এক ঘণ্টা টোল আদায় সম্পূর্ণ বন্ধ থাকে। ফলে পদ্মা সেতুর দুই প্রান্তে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।
এই ঘটনায় পদ্মা সেতু দক্ষিণ থানার উপপরিদর্শক (এসআই) আকরাম বাদী হয়ে বৃহস্পতিবার সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করেন। মামলায় ২৫১ জনের নাম উল্লেখ করার পাশাপাশি অজ্ঞাতনামা আরও ৬০০ থেকে ৭০০ জনকে আসামি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তারকৃত চারজনই এই মামলার এজাহারভুক্ত আসামি।
পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সালাম জানান, গত ৯ নভেম্বর রাতের ওই নাশকতার ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করার পর জেলার বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান চালিয়ে এজাহারনামীয় চার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাঁদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত বাকি আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
এআইএল/সকালবেলা