রূপসায় দুর্বৃত্তের গুলিতে বিএনপি নেতা নিহত
সরদার সাইদী হাসান বাবু (খুলনা ব্যুরো): খুলনার রূপসা উপজেলায় মোটরসাইকেলে আসা অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তদের গুলিতে মো. জাকির হোসেন (৪৩) নামে স্থানীয় এক ব্যক্তি নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলার স্বল্পবাহিরদিয়া এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত জাকির হোসেন রূপসা সদর ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির সদস্য এবং উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আবু সাইদের বড় ভাই। তিনি স্বল্পবাহিরদিয়া গ্রামের মৃত জলিল শেখের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে জাকির হোসেন স্থানীয় এলাকার হিরকের দোকানে বসেছিলেন। এ সময় হেলমেট পরিহিত দুজন দুর্বৃত্ত একটি মোটরসাইকেলে এসে তাঁকে লক্ষ্য করে উপর্যুপরি গুলি চালিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে গুরুতর গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে দ্রুত রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
এই হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে পুরো এলাকায় চরম আতঙ্ক ও উত্তেজনার সৃষ্টি হয়। তবে তাৎক্ষণিকভাবে এই হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট কোনো কারণ জানা যায়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে তদন্ত শুরু করেছে। এ বিষয়ে রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)-এর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।
এআইএল/সকালবেলা