মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপির গাড়িবহর ক্ষতিগ্রস্ত

প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৪:০২ অপরাহ্ণ
মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপির গাড়িবহর ক্ষতিগ্রস্ত

রাসেল শেখ (মুকসুদপুর, গোপালগঞ্জ প্রতিনিধি): গোপালগঞ্জের মুকসুদপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে বাস ও ট্রাকের সংঘর্ষের জেরে গোপালগঞ্জ-১ (মুকসুদপুর-কাশিয়ানী) আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের গাড়িবহর দুর্ঘটনার কবলে পড়েছে। এতে সংসদ সদস্যের গাড়িসহ অন্তত ১৫টি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) বেলা ১১টার দিকে মুকসুদপুর উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের বরইতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার গোহালা ইউনিয়নে আয়োজিত একটি প্রতিবাদ সভায় যোগ দিতে যাচ্ছিলেন সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম। পথিমধ্যে ডলফিন পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা ধানবোঝাই একটি ট্রাককে সজোরে ধাক্কা দেয়। এর ফলে সামনে থাকা অন্তত ১৫টি গাড়ির মধ্যে একের পর এক সংঘর্ষ ঘটে এবং মহাসড়কে দাঁড়িয়ে থাকা বেশ কয়েকটি গাড়ি দুমড়ে-মুচড়ে যায়।

দুর্ঘটনার পরপরই মহাসড়কজুড়ে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দা ও সংশ্লিষ্টরা তাৎক্ষণিকভাবে উদ্ধারকাজে এগিয়ে আসেন এবং আহতদের হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করেন। ক্ষতিগ্রস্ত যানবাহনগুলোর মধ্যে সংসদ সদস্যকে বহনকারী প্রাইভেটকারটির পেছনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হলেও অল্পের জন্য প্রাণে রক্ষা পান সেলিমুজ্জামান সেলিম।

এ বিষয়ে সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) ইমাম হোসেন জানান, বাসের ধাক্কায় সামনে থাকা গাড়িগুলোর মধ্যে এই ধারাবাহিক সংঘর্ষের সৃষ্টি হয়। এতে সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের প্রাইভেটকারটির পেছনের অংশ ক্ষতিগ্রস্ত হলেও তিনি সম্পূর্ণ অক্ষত রয়েছেন। বর্তমানে দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

এআইএল/সকালবেলা