সচেতনতা বৃদ্ধির মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব: প্রধানমন্ত্রী
অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে এ রোগের ঝুঁকি ও জটিলতা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।
১৪ নভেম্বর ‘বিশ্ব ডায়াবেটিস দিবস’ উপলক্ষে বৃহস্পতিবার (১৩ নভেম্বর ২০২৬) দেওয়া এক বাণীতে তিনি এই কথা বলেন। এবারের বিশ্ব ডায়াবেটিস দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— ‘ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই’।
বাণীতে প্রধানমন্ত্রী বলেন, ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিরাও যথাযথ চিকিৎসা ও নিয়মিত পরিচর্যার মাধ্যমে সুস্থ, স্বাভাবিক ও কর্মক্ষম জীবনযাপন করতে পারেন। একই সঙ্গে যারা এখনো এ রোগে আক্রান্ত হননি, তাদেরও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, সুষম খাদ্য গ্রহণ এবং শরীরচর্চার মাধ্যমে ডায়াবেটিস প্রতিরোধে সচেষ্ট থাকা উচিত।
ডায়াবেটিস বর্তমানে বিশ্বব্যাপী অন্যতম প্রধান জনস্বাস্থ্য চ্যালেঞ্জ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশেও এ রোগে আক্রান্ত মানুষের সংখ্যা ক্রমেই বাড়ছে, যা অত্যন্ত উদ্বেগের বিষয়। ডায়াবেটিস অনিয়ন্ত্রিত থাকলে হৃদযন্ত্র, কিডনি, চোখসহ শরীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ অঙ্গপ্রত্যঙ্গ ক্ষতিগ্রস্ত হতে পারে এবং এর জটিলতা জীবনহানির কারণও হতে পারে। তবে সময়মতো রোগ শনাক্তকরণ, সঠিক চিকিৎসা, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও সচেতন জীবনযাপনের মাধ্যমে এটি নিয়ন্ত্রণ সম্ভব।
প্রধানমন্ত্রী আরও বলেন, প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং অসংক্রামক রোগ প্রতিরোধে সচেতনতা গড়ে তোলা বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার। একটি সুস্থ ও কর্মক্ষম জনগোষ্ঠীই দেশের উন্নয়ন ও সমৃদ্ধির অন্যতম প্রধান ভিত্তি। সুস্বাস্থ্য শুধু ব্যক্তির জীবনমান উন্নত করে না, বরং পরিবার, সমাজ ও রাষ্ট্রের সামগ্রিক অগ্রযাত্রাকেও গতিশীল করে।
বাংলাদেশ ডায়াবেটিক সমিতির উদ্যোগ ও প্রচেষ্টাতেই বিশ্ব ডায়াবেটিস দিবস জাতিসংঘের স্বীকৃতি লাভ করেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই প্রতিষ্ঠানটি ডায়াবেটিস প্রতিরোধ, চিকিৎসাসেবা সম্প্রসারণ, গবেষণা এবং জনসচেতনতা সৃষ্টিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আগামী দিনগুলোতেও সমিতির সেবামূলক কার্যক্রম আরও বিস্তৃত হবে এবং ডায়াবেটিস প্রতিরোধে সরকারের প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।
পরিশেষে, প্রধানমন্ত্রী দিবসটি উপলক্ষে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সকল সদস্য, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানান এবং ‘বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২৬’ উপলক্ষে গৃহীত সকল কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করেন।