পার্বতীপুরে ভাগিনাকে বাঁচাতে গিয়ে খালা ও ভাগিনার মৃত্যু
বিশেষ প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় পুকুরের পানিতে ডুবে একই পরিবারের খালা ও ভাগিনার মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে।
শুক্রবার (১৩ নভেম্বর) সকাল আনুমানিক ১০টার দিকে উপজেলার ১ নম্বর বেলাইচন্ডি ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে এই হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো—জগন্নাথপুর গ্রামের রানা বাবুর চার বছরের ছেলে সালমান বাবু এবং একই এলাকার সহিদুল ইসলামের আট বছরের মেয়ে শাহারিয়া জাহান ইভা। সম্পর্কে তারা খালা ও ভাগিনা।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার সকালে বাড়ির পাশের একটি পুকুরপাড়ে খেলাধুলা করছিল শিশু সালমান। খেলার একপর্যায়ে সে অসাবধানতাবশত গভীর পানিতে পড়ে ডুবে যেতে থাকে। বিষয়টি দেখতে পেয়ে তাকে বাঁচাতে দ্রুত পুকুরে নেমে পড়েন তার খালা শাহারিয়া জাহান ইভা। কিন্তু সাঁতার না জানায় এবং পানির গভীরতা বেশি থাকায় দুজনেই পানিতে তলিয়ে যায়। পরে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন দ্রুত তাদের উদ্ধারে এগিয়ে এলেও শেষ রক্ষা হয়নি; ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
একই পরিবারের দুই নিষ্পাপ শিশুর এমন আকস্মিক ও অকাল মৃত্যুতে পুরো জগন্নাথপুর গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের হৃদয়বিদারক আহাজারিতে এলাকার আকাশ-বাতাস ভারী হয়ে উঠেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল ওয়াদুদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
এআইএল/সকালবেলা