বানারীপাড়ায় বড় ভাইয়ের হামলায় ছোট ভাই নিহত
সাঈদ পান্থ (বরিশাল প্রতিনিধি): বরিশালের বানারীপাড়া পৌর শহরের মোল্লাবাড়িতে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে বড় ভাইয়ের শারীরিক নির্যাতনে ছোট ভাই নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। নিহত সাব্বির মোর্শেদ শিশির মোল্লা ওরফে শিশির বাবু (৪০) বানারীপাড়া উপজেলা যুবদলের সাবেক সদস্য এবং বরিশালের বিভিন্ন ব্যান্ড দলের পরিচিত ও দক্ষ ড্রামার ছিলেন। তিনি উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, বীর মুক্তিযোদ্ধা মরহুম মোর্শেদ আলম দিলির মোল্লার ছোট ছেলে।
শুক্রবার (১৩ নভেম্বর) সকালে হাসপাতাল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মরহুম মোর্শেদ আলম দিলির মোল্লার পরিবারের সঙ্গে একটি পক্ষের জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। সম্প্রতি প্রতিপক্ষের লোকজন ওই পরিবারকে ৩২ শতক জমি লিখে দিয়ে পূর্ববিরোধের মীমাংসা করেন। তবে মীমাংসার পর ওই জমি কার দখলে থাকবে তা নিয়ে মরহুমের মেজো ছেলে ও উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জহিরুল আলম বিপুল মোল্লার সঙ্গে ছোট ভাই যুবদল নেতা সাব্বির মোর্শেদ শিশির বাবুর বিরোধ বাঁধে।
এই বিরোধের জেরে গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) দিবাগত রাতে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, মারামারির একপর্যায়ে শিশির বাবু মাটিতে লুটিয়ে পড়লে তার বুকের ওপর চড়ে লাফালাফি করেন বড় ভাই বিপুল মোল্লা। এতে শিশির বাবুর বুক ও মাথায় গুরুতর আঘাতের চিহ্ন দেখা যায়। দুই ভাইয়ের এই সংঘর্ষে বিপুল মোল্লা নিজেও আহত হন।
নিহতের স্ত্রী এক সন্তানের জননী লিজা বেগম অভিযোগ করে জানান, তাঁর স্বামীকে বড় ভাই বিপুল মোল্লা বেধড়ক মারধর করেন এবং মুমূর্ষু অবস্থায় তাঁকে হাসপাতালে নিতেও বাধা দেন। স্বামীর আকস্মিক মৃত্যুতে একমাত্র সন্তানকে নিয়ে তিনি এখন চরম অসহায়ত্বের মধ্যে দিন কাটাচ্ছেন। ঘটনার পর থেকে অভিযুক্ত জহিরুল আলম বিপুলের মোবাইল ফোন বন্ধ থাকায় তাঁর কোনো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান জানান, দুই ভাইয়ের মধ্যে মারামারি ও একজনের মৃত্যুর বিষয়টি পুলিশ অবগত রয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এআইএল/সকালবেলা