ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
সুমন ঘোষ, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় বিরল এক রাজনৈতিক শিষ্টাচারের দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সদ্য সমাপ্ত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার পরেও ইফতার মাহফিলে বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য লুৎফর রহমান মতিনকে প্রধান অতিথি হিসেবে বরণ করে নিয়েছে দলটি। শনিবার (২৮ ফেব্রুয়ারি) এলেঙ্গা সরকারি শামসুল হক কলেজ প্রাঙ্গণে এলেঙ্গা পৌর জামায়াতে ইসলামী আয়োজিত এই ইফতার মাহফিলে এমন চিত্র দেখা যায়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের সংসদ সদস্য লুৎফর রহমান মতিন বলেন, “নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থাকলেও ইফতার মাহফিলে আমাকে প্রধান অতিথি করে জামায়াতে ইসলামী যে রাজনৈতিক শিষ্টাচার ও উদারতার পরিচয় দিয়েছে, তা বর্তমান প্রেক্ষাপটে একটি বিরল দৃষ্টান্ত।” তিনি কালিহাতীর সার্বিক উন্নয়নে সকল রাজনৈতিক শক্তির সহযোগিতা কামনা করেন এবং ভ্রাতৃত্বের এই ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।
এলেঙ্গা পৌর জামায়াতের আমির মাওলানা রুহুল আমিন নূরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য ও জেলা নায়েবে আমির অধ্যাপক খন্দকার আব্দুল রাজ্জাক। অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন উপজেলা আমির মাওলানা মোহাম্মদ আলী, সেক্রেটারি এস এম এনামুল হক এবং উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হক হিরো।
এলেঙ্গা পৌরসভার সাবেক প্যানেল মেয়র মো. বিরণ সিদ্দিকী সাগরের সঞ্চালনায় আয়োজিত এই ইফতার মাহফিলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং দুই দলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। ইফতারের আগে দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ