ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
জেলা প্রতিনিধি, মাদারীপুর: মাদারীপুর পৌরসভার সেবক হিসেবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন সম্ভাব্য মেয়র প্রার্থী অ্যাডভোকেট মো. জামিনুর হোসেন মিঠু। শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে শহরের শকুনী লেক সংলগ্ন রেইন ফরেস্ট রেস্টুরেন্টে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সাথে আয়োজিত এক মতবিনিময় সভা ও ইফতার মাহফিলে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন। জনগণের আস্থা ও ভালোবাসাকে পুঁজি করে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও নাগরিকবান্ধব পৌরসভা গড়ার লক্ষ্যেই তিনি এই সভার আয়োজন করেন।
মতবিনিময় সভায় অ্যাডভোকেট মো. জামিনুর হোসেন মিঠু বলেন, “আমি আমৃত্যু পৌরবাসীর সুখ-দুঃখের সঙ্গী হয়ে থাকতে চাই। ব্যক্তিগত জীবনে কখনোই কারও প্রতি অন্যায় বা অবিচার করিনি। মেয়র প্রার্থী হিসেবে শুধু পৌরসভা নয়, বরং জেলার সর্বস্তরের মানুষের আস্থা অর্জনই আমার মূল লক্ষ্য। আসন্ন নির্বাচনে অনেক প্রার্থীই নানা প্রতিশ্রুতি নিয়ে জনগণের দুয়ারে যাবেন। তাই প্রার্থীদের অতীত কর্মকাণ্ড এবং আয়ের উৎস সম্পর্কে সঠিক তথ্য তুলে ধরতে আমি গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানাই।” তিনি আরও উল্লেখ করেন, দলীয় মনোনয়ন ও জনগণের সমর্থনে নির্বাচিত হতে পারলে তিনি ব্যক্তিগত ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সব ধরনের নাগরিক সুবিধা সম্প্রসারণে সচেষ্ট থাকবেন।
পৌরসভাকে দুর্নীতিমুক্ত রাখার অঙ্গীকার করে এই সম্ভাব্য মেয়র প্রার্থী জানান, নারী ও শিশু সুরক্ষা, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং ডিজিটাল নাগরিক সেবা চালু করা হবে তার অগ্রাধিকার। এছাড়া কিশোর গ্যাং কালচার, মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাস দমনে কঠোর আইন প্রয়োগের পাশাপাশি পুরো পৌরসভাকে সিসিটিভি ক্যামেরার আওতায় আনার পরিকল্পনা রয়েছে তার। পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও পরিচ্ছন্ন শহর গড়ার মাধ্যমে মাদারীপুরকে একটি আধুনিক ও বাসযোগ্য নগরীতে রূপান্তর করতে তিনি জনসাধারণের দোয়া ও সমর্থন কামনা করেন। সভায় জেলার বিভিন্ন পর্যায়ের গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ