ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মোঃ হুমায়ুন কবীর, ময়মনসিংহ প্রতিনিধি: দেশের গণমাধ্যম যেন কোনো ধরনের বাধা ছাড়াই গণতান্ত্রিক প্রক্রিয়ায় স্বাধীনভাবে কাজ করতে পারে, তা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহ আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উদ্যোগে সাংবাদিক সন্তানদের বৃত্তি প্রদান ও ইফতার মাহফিল উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের স্পষ্ট নির্দেশনা রয়েছে যে গণমাধ্যম যেন কোনো অভাবে না থাকে এবং সম্পূর্ণ নির্ভয়ে ও স্বাধীনভাবে তাদের দায়িত্ব পালন করতে পারে। আপনারা যদি বস্তুনিষ্ঠভাবে কাজ করতে পারেন, তবে সেটি কেবল সংবাদপত্রের জন্যই নয়, বরং দেশের সামগ্রিক মঙ্গলের জন্য সুফল বয়ে আনবে।” তিনি আরও উল্লেখ করেন যে, বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে গণমাধ্যমের অবদান অনস্বীকার্য। সঠিক তথ্য জনগণের সামনে তুলে ধরার মাধ্যমেই এই অর্জন সম্ভব হয়েছে। তাই গণমাধ্যমকে আরও বিকশিত করতে সরকার সাংবাদিকদের পেশাগত সমস্যা সমাধানে অগ্রাধিকার দিচ্ছে।
গণমাধ্যমবান্ধব সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের পরিধি আরও বাড়ানো হবে যাতে প্রকৃত পেশাদার সাংবাদিকরা এর সুফল পান। তিনি সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “সরকার কোনো কিছু চাপিয়ে দিতে চায় না। সরকার ভুল করলে আপনারা তা ধরিয়ে দেবেন, তবে অপপ্রচার বা মিথ্যা সংবাদ থেকে বিরত থাকতে হবে। সত্যকে সত্য এবং সাদাকে সাদা বলার সাহস ও ধারা যেন সর্বদা অব্যাহত থাকে, সেই দিকে নজর রাখবেন।” অনুষ্ঠানে তিনি সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সাংবাদিকতা বজায় রেখে গণতন্ত্রকে সুসংহত করার অনুরোধ জানান।
বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট ময়মনসিংহ জেলা শাখার সভাপতি ও জেলা প্রশাসক মো. সাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএফইউজে মহাসচিব কাদের গনি চৌধুরী। অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন বিএনপি নেতা মোতাহার হোসেন তালুকদার, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উপ-পরিচালক এবিএম রফিকুল ইসলাম, র্যাব-১৪ অধিনায়ক নয়মুল হাসান, পুলিশ সুপার মো. মিজানুর রহমান এবং বিএফইউজে ও সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে প্রতিমন্ত্রীকে সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং পরে তিনি কৃতি শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেন।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ