দিরাইয়ে বিজিবির ভুয়া সদস্য গ্রেপ্তার

প্রকাশ: শুক্রবার, ২১ আগস্ট ২০২৬, ০৫:৪১ অপরাহ্ণ
দিরাইয়ে বিজিবির ভুয়া সদস্য গ্রেপ্তার

এনামুল কবির মুন্না, সুনামগঞ্জ: সুনামগঞ্জের দিরাইয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ভুয়া পরিচয় দিয়ে আবাসিক হোটেলে চুরির অভিযোগে সাইফুর রহমান রুনেল (৩৯) নামে এক প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ। চুরিকৃত মালামালসহ পালিয়ে যাওয়ার সময় সিলেট-সুনামগঞ্জ সড়কের জাউয়াবাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক সাইফুর রহমান রুনেল সিলেটের ওসমানীনগর উপজেলার পূর্ব ব্রাহ্মণগাঁও গ্রামের মৃত মাসুক আলীর ছেলে। পুলিশ জানায়, তার বিরুদ্ধে মাদকসহ একাধিক অপরাধের মামলা রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৫ আগস্ট নিজেকে বিজিবি সদস্য পরিচয় দিয়ে দিরাই পৌর শহরের 'জাকারিয়া আবাসিক হোটেল'-এর ২০৩ নম্বর কক্ষ ভাড়া নেন রুনেল। বৃহস্পতিবার (২০ আগস্ট ২০২৬) বিকেলে বিজিবির লোগোযুক্ত পোশাক পরে ও ট্রাভেল ব্যাগ হাতে নিয়ে হোটেল থেকে বের হওয়ার সময় ম্যানেজারের সন্দেহ হয়। পরবর্তীতে হোটেলের সিসিটিভি ফুটেজ ও কক্ষ পরীক্ষা করে দেখা যায়— কক্ষের ২৪ ইঞ্চি এলইডি টিভি, বাথরুমের লুকিং গ্লাস, বেসিন শেলফ ও তোয়ালে গায়েব হয়ে গেছে।

বিষয়টি বুঝতে পেরে হোটেল কর্তৃপক্ষ তার পিছু নেয় এবং জাউয়াবাজার এলাকায় গাড়ি থামিয়ে তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। এ সময় তার ট্রাভেল ব্যাগ তল্লাশি করে চুরি হওয়া সব মালামাল উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রুনেল বিজিবির ভুয়া পরিচয় দিয়ে চুরি করার কথা স্বীকার করেছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, বিজিবির পরিচয় দিয়ে হোটেলে উঠে চুরির ঘটনা ঘটেছিল। সংবাদ পেয়ে পুলিশ মালামালসহ আসামিকে গ্রেপ্তার করে। এ ঘটনায় চুরির মামলা দায়েরের পর তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন