ঈশ্বরদীতে শুটারগানসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার

প্রকাশ: শুক্রবার, ২১ আগস্ট ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ণ
ঈশ্বরদীতে শুটারগানসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার

পাবনা প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে দেশীয় তৈরি শুটারগান ও কার্তুজসহ আলম সরদার (৪৪) নামের এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বৃহস্পতিবার (২০ আগস্ট ২০২৬) রাতে উপজেলার ছলিমপুর ইউনিয়নের ভারইমারী মাথালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আলম সরদার রাজশাহী জেলার পুঠিয়া থানার সৈয়দপুর গ্রামের আফসার সরদারের ছেলে। র‌্যাব ও পুলিশ জানায়, তাঁর বিরুদ্ধে পূর্বেরও একাধিক অস্ত্র ও মাদক সংক্রান্ত মামলা রয়েছে।

র‌্যাব-১২ পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার ডলি রানী সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে ছলিমপুর এলাকায় অবৈধ অস্ত্র কেনাবেচার খবর পেয়ে র‌্যাবের একটি চৌকস দল অভিযান পরিচালনা করে। এ সময় হাতেনাতে আলম সরদারকে আটক করা হয় এবং তল্লাশি চালিয়ে তাঁর কাছ থেকে একটি দেশীয় শুটারগান, এক রাউন্ড কার্তুজ ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

র‌্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আলম সরদার দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র বেচাকেনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় শুক্রবার (২১ আগস্ট) ঈশ্বরদী থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের পর তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সাম্প্রতিক সময়ে ঈশ্বরদী ও আশপাশের এলাকায় অপরাধমূলক তৎপরতা বৃদ্ধি পাওয়ায় স্থানীয়দের মাঝে উদ্বেগ বাড়ছে। কাফনের কাপড় জড়িয়ে অস্ত্র হাতে মহড়া, দলীয় কার্যালয় ও যানবাহনে হামলা-গুলির মতো একের পর এক সহিংস ঘটনার পর এই অস্ত্র উদ্ধারের ঘটনায় সাধারণ মানুষের মাঝে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন