এফসিসি-ডিজনি আইনি লড়াই: ডিজনির জরুরি শুনানির আবেদন নাকচ
আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন নিয়ন্ত্রক সংস্থা ফেডারেল কমিউনিকেশনস কমিশনের (এফসিসি) বিরুদ্ধে দায়ের করা এক মামলায় বিনোদন জায়ান্ট ডিজনির করা দ্রুত শুনানির আবেদন খারিজ করে দিয়েছেন যুক্তরাষ্ট্রের একটি জেলা আদালত।
শুক্রবার আন্তর্জাতিক বার্তা সংস্থা
ডিজনি তাদের মালিকানাধীন ‘এবিসি’ টেলিভিশন নেটওয়ার্কের আটটি স্থানীয় স্টেশনের সম্প্রচার লাইসেন্স সংক্রান্ত এফসিসির আগাম ও তড়িঘড়ি পর্যালোচনা প্রক্রিয়া স্থগিত করতে আদালতে দ্রুত হস্তক্ষেপ ও অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন জানিয়েছিল। তবে ওয়াশিংটন ডিসির জেলা জজ লরেন আলিখান ডিজনির ওই দ্রুত শুনানির আর্জি নাকচ করে দেন।
আদালতের দেওয়া নির্দেশনা অনুযায়ী, মামলাটির পক্ষে-বিপক্ষে আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে প্রয়োজনীয় সব আইনি নথি জমা দিতে বলা হয়েছে। পরবর্তীতে অক্টোবর মাসের প্রথমার্ধে বিষয়টির ওপর পূর্ণাঙ্গ শুনানি অনুষ্ঠিত হবে। অন্যদিকে এফসিসির পক্ষ থেকে আদালতকে জানানো হয়েছে, এবিসির লাইসেন্স স্থগিত বা শুনানিতে পাঠানোর বিষয়ে কোনো সিদ্ধান্ত গৃহীত হলে তা বাস্তবায়নের অন্তত ৪৮ ঘণ্টা পূর্বে ডিজনি কর্তৃপক্ষকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
ডিজনির পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছে, ট্রাম্প প্রশাসনের রাজনৈতিক চাপ ও সরকারের প্রতি সমালোচনামূলক সংবাদ পরিবেশনের কারণেই এফসিসি তাদের বিরুদ্ধে এই পক্ষপাতমূলক পদক্ষেপ গ্রহণ করছে, যা মূলত মতপ্রকাশের স্বাধীনতার ওপর নগ্ন হস্তক্ষেপ।
তবে এই অভিযোগ অস্বীকার করে এফসিসির চেয়ারম্যান ব্রেন্ডন কার জানিয়েছেন, ডিজনির এই দাবি সম্পূর্ণ ভিত্তিহীন। এবিসির সম্প্রচার লাইসেন্স পর্যালোচনার বিষয়ে চূড়ান্ত কোনো আদেশ এখনো দেওয়া হয়নি। মূলত ট্রাম্প প্রশাসন ও ডিজনি কর্তৃপক্ষের মধ্যে চলমান দীর্ঘদিনের দ্বন্দ্বের ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্রের গণমাধ্যমের স্বাধীনতা ও সরকারি নিয়ন্ত্রণ সম্পর্কিত নতুন এই আইনি লড়াই দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
|