রায়পুরে দুই ভুয়া সেনাসদস্য আটক

প্রকাশ: সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ০৭:৩০ অপরাহ্ণ
রায়পুরে দুই ভুয়া সেনাসদস্য আটক

মেহেদী মাছুম, রায়পুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে সেনাবাহিনীর সদস্য পরিচয়ে সড়কে গাড়ি থামিয়ে তল্লাশি ও চাঁদাবাজির অভিযোগে শাকিব ও সবুজ নামের দুই ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।

সোমবার (২৪ আগস্ট) বিকেলে রায়পুর-লক্ষ্মীপুর সড়কের বাসাবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, আটক দুজন নিজেদের সেনাবাহিনীর সদস্য পরিচয় দিয়ে বিভিন্ন যানবাহন থামিয়ে তল্লাশির নামে ভয়ভীতি প্রদর্শন ও টাকা আদায়ের চেষ্টা করছিলেন। তাঁদের আচরণ সন্দেহজনক মনে হলে স্থানীয়রা তাঁদের হাতেনাতে আটক করেন। এ সময় তাঁদের কাছ থেকে দুটি ওয়াকিটকি ও নগদ টাকা উদ্ধার করা হয়।

রায়পুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবদুল মান্নান জানান, সেনাসদস্য পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে স্থানীয়রা দুজনকে আটক করে থানায় সোপর্দ করেছেন। তাঁদের কাছে থাকা ওয়াকিটকি ও টাকা জব্দ করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন