ঢাকা-যশোর রুটে ফের ডানা মেলছে ইউএস-বাংলা

প্রকাশ: মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ০৯:২২ অপরাহ্ণ
ঢাকা-যশোর রুটে ফের ডানা মেলছে ইউএস-বাংলা

সকালবেলা ডেস্ক: দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি ও যাতায়াত আরও স্বাচ্ছন্দ্যময় করতে ঢাকা-যশোর রুটে আবারও ফ্লাইট চালুর ঘোষণা দিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। আগামী ৯ সেপ্টেম্বর থেকে এই রুটে পুনরায় তাদের ফ্লাইট চলাচল শুরু হবে।

সংস্থাটি জানায়, সপ্তাহে তিন দিন (শনিবার, বুধবার ও বৃহস্পতিবার) দিনে দুইটি করে মোট ছয়টি ফ্লাইট পরিচালিত হবে। এ রুটে ৭২ আসনের আধুনিক এটিআর ৭২-৬০০ উড়োজাহাজ ব্যবহার করা হবে।

নতুন নির্ঘণ্ট অনুযায়ী, প্রতি শনিবার, বুধবার ও বৃহস্পতিবার ঢাকা থেকে প্রথম ফ্লাইটটি সকাল ৯টা ৩০ মিনিটে ছেড়ে ১০টা ১৫ মিনিটে যশোরে পৌঁছাবে। ফিরতি ফ্লাইটটি যশোর থেকে সকাল ১০টা ৪৫ মিনিটে উড্ডয়ন করে ১১টা ৩০ মিনিটে ঢাকায় অবতরণ করবে। অন্যদিকে, দ্বিতীয় ফ্লাইটটি বিকেল ৪টা ৪৫ মিনিটে ঢাকা ছেড়ে বিকেল ৫টা ৩০ মিনিটে যশোরে নামবে এবং যশোর থেকে সন্ধ্যা ৬টায় ছেড়ে ৬টা ৪৫ মিনিটে ঢাকায় পৌঁছাবে।

এই রুটে সর্বনিম্ন একমুখী (ওয়ান-ওয়ে) ভাড়া ৫,৭৪৯ টাকা এবং দ্বিমুখী (রিটার্ন) ভাড়া ১১,৪৯৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

উল্লেখ্য, ২০১৪ সালের ১৭ জুলাই এই ঢাকা-যশোর রুটে আকাশপথের যাত্রা শুরুর মাধ্যমে ডানা মেলেছিল ইউএস-বাংলা এয়ারলাইন্স। বর্তমানে ঢাকা থেকে কক্সবাজার, চট্টগ্রাম, সিলেট, সৈয়দপুর ও রাজশাহী রুটে তাদের নিয়মিত ফ্লাইট চালু রয়েছে। যশোর অঞ্চলের ব্যবসা-বাণিজ্য, চিকিৎসা ও পর্যটন খাতের সুবিধার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং ভবিষ্যতে যাত্রীদের চাহিদা অনুযায়ী ফ্লাইটের সংখ্যা আরও বাড়ানো হতে পারে বলে জানিয়েছে এয়ারলাইন্স কর্তৃপক্ষ।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন