ফিডের দাম কমানোর দাবিতে শ্রীপুরে খামারিদের মিছিল
মহিউদ্দিন আহমেদ, গাজীপুর: পোলট্রি, গবাদিপশু ও মৎস্য খাদ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে গাজীপুরের শ্রীপুরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন প্রান্তিক খামারিরা। আগামী ৩০ আগস্টের মধ্যে ফিডের দাম না কমালে ১ সেপ্টেম্বর ‘কাফনের কাপড়’ পরে রাজপথে নামার হুশিয়ারি দিয়েছেন তারা।
মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনা বাজার এলাকায় বাংলাদেশ প্রান্তিক পোলট্রি খামারি ঐক্য পরিষদের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তারা জানান, সম্প্রতি প্রতি বস্তা ফিডের দাম ১০০ থেকে ১১২ টাকা পর্যন্ত বেড়েছে। এতে উৎপাদন খরচ সামলাতে না পেরে ক্ষুদ্র ও মাঝারি খামারিরা চরম লোকসানে পড়ছেন এবং খামার বন্ধের ঝুঁকিতে রয়েছেন। পোলট্রি খাতে ব্যয়ের ৭০-৭৫ শতাংশই খাদ্যের পেছনে যায় উল্লেখ করে সিন্ডিকেট ভাঙা ও কাঁচামালে সরকারি ভর্তুকির দাবি জানান তারা।
সংগঠনটির সাধারণ সম্পাদক রাসেল প্রধান ও সভাপতি আসাদুজ্জামান মামুন ফিডের দাম কমানোসহ ভুট্টা-সয়াবিনের ওপর কর প্রত্যাহার এবং সাশ্রয়ী মূল্যে বিদ্যুৎ সরবরাহের দাবি জানান। দাবি মানা না হলে ১ সেপ্টেম্বর থেকে কঠোর আন্দোলনের ঘোষণা দেন নেতৃবৃন্দ।
এআইএল/সকালবেলা
|