গোপালগঞ্জে বিদ্যুতের চাহিদা অনুপাতে বরাদ্দ কম

প্রকাশ: সোমবার, ১০ আগস্ট ২০২৬, ০৬:০০ অপরাহ্ণ
গোপালগঞ্জে বিদ্যুতের চাহিদা অনুপাতে বরাদ্দ কম

হেলাল মুন্সী, বিশেষ প্রতিনিধি: চাহিদার তুলনায় বিদ্যুতের বরাদ্দ কম থাকায় গোপালগঞ্জ পৌরসভা এলাকায় ফিডারভিত্তিক লোডশেডিং করতে বাধ্য হচ্ছে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো) কর্তৃপক্ষ।

ওজোপাডিকো গোপালগঞ্জ বিদ্যুৎ সরবরাহ দপ্তর সূত্রে জানা গেছে, সোমবার (১০ আগস্ট) সকাল ১০টা ৫ মিনিটে গোপালগঞ্জ পৌরসভা এলাকায় বিদ্যুতের চাহিদা ছিল ১৪ মেগাওয়াট। বিপরীতে জাতীয় গ্রিড থেকে বরাদ্দ পাওয়া যায় মাত্র ৯ দশমিক ৫০ মেগাওয়াট। বর্তমানে নয়টি ফিডারে সর্বোচ্চ চাহিদার সমষ্টি দাঁড়িয়েছে প্রায় ১৮ মেগাওয়াটে, যা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে।

কর্তৃপক্ষ জানায়, সরবরাহ ব্যবস্থা স্থিতিশীল রাখতে এলাকাভেদে এক থেকে দেড় ঘণ্টা বা তার বেশি লোডশেডিং করতে হচ্ছে। তবে চলমান অনার্স ও ডিগ্রি পরীক্ষার কারণে পরীক্ষাকেন্দ্র, হাসপাতাল, আদালত ও অন্যান্য জাতীয় গুরুত্বপূর্ণ স্থাপনায় অগ্রাধিকার ভিত্তিতে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার চেষ্টা চলছে।

ওজোপাডিকো জানিয়েছে, পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) থেকে নির্দেশনা পাওয়ার সঙ্গে সঙ্গে লোড কমানো বা বাড়ানো বাধ্যতামূলক। অতিরিক্ত বিদ্যুৎ টেনে নেওয়া হলে পুরো গ্রিড বিপর্যয় বা ব্ল্যাকআউটের আশঙ্কা থাকে। স্থানীয়ভাবে বিদ্যুৎ উৎপাদন বা সংরক্ষণের কোনো সুযোগ না থাকায় জাতীয় গ্রিডের বরাদ্দের ওপরই নির্ভর করতে হয়।

বর্তমান জ্বালানি (গ্যাস ও তেল) সংকটের কারণে সৃষ্ট পরিস্থিতিতে গ্রাহকদের সাময়িক ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করে লোডশেডিং ব্যবস্থাপনায় সর্বাত্মক সহযোগিতা কামনা করেছে ওজোপাডিকো কর্তৃপক্ষ।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন