বেতাগীতে ৩ কিমি খালে বৃক্ষরোপণ কর্মসূচি
মো. সোহেল রানা, বরগুনা: পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বরগুনার বেতাগীতে ৩ কিলোমিটার খালের দুই পাড়জুড়ে ব্যতিক্রমী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। পূবালী ব্যাংক বেতাগী শাখার উদ্যোগে সোমবার (১০ আগস্ট) সকাল ১১টায় বেতাগী সদর ইউনিয়নের উত্তর রানীপুর, আদমপোল ও ডাঙ্গার খাল এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনার জেলা প্রশাসক তাহমিনা আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহ. সাদ্দাম হোসেন, পূবালী ব্যাংকের বরিশাল বিভাগের আরএম মো. মোসাহেদুল্লাহসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
আয়োজকরা জানান, খালের দুই পাশে তাল, নারিকেল, আমড়া, কৃষ্ণচূড়াসহ বিভিন্ন প্রজাতির ফলদ ও সৌন্দর্যবর্ধক গাছের চারা রোপণ করা হচ্ছে, যা এলাকার নান্দনিকতা বৃদ্ধির পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখবে।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক তাহমিনা আক্তার বলেন, "গাছ প্রকৃতির ভারসাম্য রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু চারা রোপণ করলেই হবে না, রোপণ করা গাছের সঠিক পরিচর্যা ও সংরক্ষণও নিশ্চিত করতে হবে।"
স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাঁদের মতে, খালের দুই পাড়ে পরিকল্পিতভাবে গাছ রোপণ করায় এলাকাটি সবুজ ও দৃষ্টিনন্দন পরিবেশবান্ধব স্থানে পরিণত হবে।
এআইএল/সকালবেলা
|