সোহেল তাজের প্লট বাতিলের উদ্যোগ
সকালবেলা ডেস্ক: বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিশেষ কোটায় বরাদ্দ পাওয়া সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমদ সোহেল তাজের প্লটটি বাতিল করার উদ্যোগ নিয়েছে সরকার। রাজউকের মাধ্যমে রাজউকের উত্তরা (তৃতীয় পর্ব) আবাসিক এলাকার এই প্লটটির বরাদ্দ প্রক্রিয়া ও শর্তাবলি পর্যালোচনা শেষে বাতিলের প্রাথমিক প্রস্তাব দিয়েছে সংশ্লিষ্ট কমিটি। বিষয়টি বর্তমানে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের বিবেচনাধীন রয়েছে।
রাজউকের নথিসূত্রে জানা যায়, ২০১১ সালে তৎকালীন সংসদ সদস্য ক্যাটাগরিতে (গাজীপুর-৪) সোহেল তাজকে উত্তরা ১৬ নম্বর সেক্টরের ই-ব্লকের ১/এ নম্বর সড়কের ১ নম্বর প্লটটি (আইডি: ১৬/ই-০১/এ-০০১) বিশেষ কোটায় বরাদ্দ দেওয়া হয়। পাঁচ কাঠা পরিমাণের এই প্লটটির মূল্য বাবদ কাঠাপ্রতি ৬ লাখ টাকা হিসেবে সর্বমোট ৩০ লাখ টাকা রাজউকের কোষাগারে জমা দেন তিনি। ২০১২ সালের ৩০ জুলাই আনুষ্ঠানিকভাবে দলিল (নম্বর: ৯৩২১) সম্পাদনের মাধ্যমে প্লটটি তাঁর কাছে হস্তান্তর করা হয়।
পরবর্তীকালে ২০১৪ সালের ১৫ ডিসেম্বর সোহেল তাজ প্লটটি তাসফিয়া কলিম ও লামিমা কলিম নামের দুই ব্যক্তির কাছে হস্তান্তর বা বিক্রি করে দেন। বর্তমানে ফাঁকা অবস্থায় পড়ে থাকা এই জমিটির সম্ভাব্য বাজারমূল্য প্রায় ৬ থেকে ৭ কোটি টাকা বলে ধারণা করছেন রাজউকের কর্মকর্তারা।
ঢাকা টাউন ইমপ্রুভমেন্ট (অ্যালটমেন্ট অব ল্যান্ডস) রুলস, ১৯৬৯-এর ১৩(এ) ধারায় অর্পিত বিশেষ ক্ষমতাবলে বিগত সরকারের সময়ে প্রদান করা প্লট ও ফ্ল্যাট বরাদ্দের আইনি বৈধতা ও অসংগতি যাচাইয়ে একটি পর্যালোচক কমিটি গঠন করা হয়। ওই কমিটির তথ্যানুসারে বরাদ্দ প্রক্রিয়ায় নানাবিধ অসংগতি পরিলক্ষিত হওয়ায় এটি বাতিলের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে সাবেক সংসদ সদস্য সোহেল তাজের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে রাজউকের চেয়ারম্যান প্রকৌশলী মো. রিয়াজুল ইসলাম জানান, "বিষয়টি খতিয়ে দেখতে মন্ত্রণালয়ের আওতায় একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছিল। তারা সকল তালিকা ও নথি পর্যালোচনা করে প্রতিবেদন জমা দিয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত এখন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় গ্রহণ করবে।"
এআইএল/সকালবেলা
|