প্রতিমন্ত্রী মীর শাহে আলমের কঠোর বার্তা: তদবিরবাজ ও ধান্ধাবাজদের ছাড় নয়

প্রতিমন্ত্রী মীর শাহে আলমের কঠোর বার্তা: তদবিরবাজ ও ধান্ধাবাজদের ছাড় নয়

ওয়াফিক শিপলু, বগুড়া প্রতিনিধি: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং বগুড়া-২ আসনের সংসদ সদস্য মীর শাহে আলম স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ক্ষমতাসীন দলের নাম ব্যবহার করে কোনো ধরনের তদবিরবাজি বা অবৈধ সুবিধা আদায়ের চেষ্টা সহ্য করা হবে না। শনিবার (২৮ ফেব্রুয়ারি) বগুড়া জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলার সকল সরকারি কর্মকর্তার সঙ্গে আয়োজিত প্রথম মতবিনিময় ও পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, "বিএনপির নাম ভাঙিয়ে কিছু ধান্ধাবাজ ও তদবিরবাজ অবৈধ সুবিধা নেওয়ার চেষ্টা করছে। এদের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে এবং কোনোভাবেই প্রশ্রয় দেওয়া যাবে না।" তিনি জেলার প্রতিটি দপ্তরের বিদ্যমান সমস্যাগুলো আগামী সাত দিনের মধ্যে লিখিতভাবে জানানোর নির্দেশ দেন, যাতে প্রধানমন্ত্রীর মাধ্যমে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া যায়। প্রতিমন্ত্রী উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তাকে সরাসরি জেলার সমস্যাগুলো তদারকি ও কথা বলার দায়িত্ব দিয়েছেন।

বগুড়ার উন্নয়ন নিয়ে মীর শাহে আলম বলেন, "বগুড়ার মানুষ সাতটি আসনে বিএনপির প্রার্থীদের বিজয়ী করে সরকার গঠনে বড় ভূমিকা রেখেছে। তাই এই জেলায় অগ্রাধিকার ভিত্তিতে সব উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে।"

জেলা প্রশাসক তৌফিকুর রহমানের সভাপতিত্বে সভায় প্রতিমন্ত্রী জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং ফ্যামিলি কার্ড বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন। তিনি নির্দেশ দেন যে, পরিবার নির্ধারণের কাজ সরকারি কর্মকর্তারাই বাড়ি বাড়ি গিয়ে সম্পন্ন করবেন যাতে কোনো অনিয়ম বা প্রতারণা না হয়। মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন বগুড়া-৭ আসনের সংসদ সদস্য মোরশেদ মিল্টন, বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ হোসেনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন