নিকলীতে চোলাই মদ ও ইয়াবাসহ গ্রেপ্তার ১
শফিকুল ইসলাম (নিকলী, কিশোরগঞ্জ প্রতিনিধি): কিশোরগঞ্জের নিকলীতে গভীর রাতে তল্লাশি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোলাই মদ ও ইয়াবাসহ কবির উদ্দিন (৫৫) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৩ অক্টোবর) গভীর রাত আনুমানিক ১টার দিকে নিকলী-করিমগঞ্জ সংযোগকারী রাষ্ট্রপতি আবদুল হামিদ সড়কের কারপাশা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত কবির উদ্দিন প্রতিবেশী করিমগঞ্জ উপজেলার জয়কা ইউনিয়নের খুদেরগাঁও গ্রামের আব্দুর রশিদের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, নিকলী থানা পুলিশের একটি নৈশ টহল দল কারপাশা এলাকায় দায়িত্ব পালনকালে একটি সন্দেহভাজন মোটরসাইকেলের গতি রোধ করে। পরবর্তীতে টহল দলের নেতৃত্বে থাকা এসআই সাগর ঘোষ ও এএসআই আমজাদ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে মোটরসাইকেল আরোহী কবিরের দেহ তল্লাশি চালান। তল্লাশিকালে তাঁর কাছ থেকে ১৪ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১.৫ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত কবির উদ্দিনের বিরুদ্ধে নিকলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইশতিয়াক আহমেদ জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে এবং এ ধরনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃত আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
এআইএল/সকালবেলা