টেকনাফে কোস্ট গার্ডের অভিযান, ১০ গ্রেনেডসহ ২৮ রাউন্ড গোলা উদ্ধার

প্রকাশ: রবিবার, ১৪ জুন ২০২৬, ০৪:০৯ অপরাহ্ণ
টেকনাফে কোস্ট গার্ডের অভিযান, ১০ গ্রেনেডসহ ২৮ রাউন্ড গোলা উদ্ধার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে মাটির নিচে লুকিয়ে রাখা ১০টি তাজা গ্রেনেড, ২৮ রাউন্ড তাজা গোলা এবং ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। তবে অভিযানের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। 

রবিবার (১৪ জুন) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেছেন।

কোস্ট গার্ড জানায়, নাফ নদী ও বাংলাদেশ-মিয়ানমার সমুদ্রসীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, মাদক পাচার, মানব পাচার, অস্ত্র চোরাচালান এবং সন্ত্রাসী গোষ্ঠীর কার্যক্রম প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, টেকনাফ থানাধীন জাদিমুড়া নাফ নদী সংলগ্ন এলাকায় একটি সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী বিপুল পরিমাণ তাজা গোলা ও গ্রেনেড বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে পরিবহনের উদ্দেশ্যে মাটির নিচে মজুদ করেছে।

পরে শনিবার (১৩ জুন) দিবাগত রাতে কোস্ট গার্ড স্টেশন টেকনাফের একটি বিশেষ দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে মাটির নিচে বিশেষভাবে লুকায়িত অবস্থায় মিয়ানমার সামরিক বাহিনীতে ব্যবহৃত ২টি ‘৩৬ এম এমকে-১’ হ্যান্ড গ্রেনেড, ৮টি ‘৪০ এমএম এইচইডিপি’ গ্রেনেড এবং ২৮ রাউন্ড ‘৭ দশমিক ৬২ মিমি’ তাজা গোলা উদ্ধার করা হয়। একই সঙ্গে ২ কেজি গাঁজা জব্দ করা হয়।

কোস্ট গার্ডের দাবি, উদ্ধার করা বিস্ফোরকগুলো সন্ত্রাসী বা অসাধু ব্যক্তিদের হাতে পড়লে বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা ছিল। এই অভিযানের মাধ্যমে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে সম্ভাব্য নাশকতামূলক কর্মকাণ্ডের একটি বড় ধরনের অপচেষ্টা নস্যাৎ করা হয়েছে। উদ্ধার করা গ্রেনেড, তাজা গোলা ও জব্দ করা গাঁজার বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং জড়িতদের শনাক্ত ও আটকের জন্য গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন