জীবননগর সীমান্তে ভারতে অনুপ্রবেশকালে ৮ নারী গ্রেপ্তার
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সীমান্ত এলাকা দিয়ে বেআইনিভাবে ভারতে অনুপ্রবেশের সময় ৮ জন বাংলাদেশি নারীকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
গতকাল শুক্রবার (৭ আগস্ট) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন মহেশপুর-৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল পৌনে ৬টার দিকে গোপন সূত্রের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে। উপজেলার বেনীপুর সীমান্ত পিলার ৬২/৫ নম্বর এস থেকে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নবদূর্গাপুর এলাকায় এ অভিযান চালানো হয়।
সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের জন্য সেখানে একটি ধানক্ষেতের পাশে তারা অবস্থান নিচ্ছিলেন। এ সময় বিজিবি সদস্যরা হাতেনাতে ৮ নারীকে আটক করে।
মহেশপুর-৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও আইনি প্রক্রিয়া শেষে আটককৃত ৮ নারীকে জীবননগর থানায় হস্তান্তর করা হয়েছে। অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টার অপরাধে তাঁদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।
|